শুরুর একাদশে কেন ছিলেন না রোনালদো?

সম্প্রতি ক্রিস্তিয়ানো রোনালদোর খেলা না খেলা জন্ম দিচ্ছে প্রশ্নের। এই যেমন নেশন্স লিগে পর্তুগালের হয়ে মাঠে নেমেছেন ঠিকই। কিন্তু জায়গা ছিল না শুরুর একাদশে। জাতীয় দলে তার এমন উপস্থিতি ফের জন্ম দিয়েছে আলোচনার! পর্তুগাল কোচ ফার্নান্ডো সান্তোসের কাছে বিষয়টি তো মিলিয়ন ডলারের প্রশ্নের মতো।

পর্তুগিজ যুবরাজ মাঠে নামেন ম্যাচের ৬২ মিনিটে। দলের রেকর্ড সর্বোচ্চ স্কোরার নেমে অবশ্য সেভাবে ঝলক দেখাতে পারেননি। রিকার্ডো হোর্তার শেষ মুহূর্তের স্ট্রাইকেই নিশ্চিত হয়েছে দলটির ১-১ ড্র।

রোনালদোর বদলি হয়ে নামার বিষয়ে জানতে চাইলে পর্তুগাল কোচ বলেছেন, ‘ক্রিস্তিয়ানো রোনালদো? অনেকে প্রায়ই জিজ্ঞেস করেন সে কেন শুরুর একাদশে। এটা এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। তবে আমি মনে করি এই ম্যাচের জন্য বুঝে-শুনেই খেলোয়াড়দের কাজে লাগিয়েছি।’

অবশ্য ফার্নান্ডো সান্তোস এটা পরিষ্কার করেছেন, মানের জন্য রোনালদো শুরুর একাদশ থেকে বাদ পড়েননি। শুধু টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘আসলে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল কথা ভেবেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এর সঙ্গে রোনালদোর মানের কোনও বিষয় জড়িত নেই। এমনকি সেটা প্রশ্নেরও বিষয় নয়।’

ম্যানচেস্টার ইউনাইটেডে মৌসুমটা দারুণ উপভোগ করেছেন সিআরসেভেন। করেছেন ২৪ গোল। তাই পর্তুগিজ কোচের ধারণা ছিল বেঞ্চ থেকে ফিরেই হয়তো পর্তুগিজ যুবরাজ সেরাটা দিতে পারবেন, ‘আমাদের বিশ্বাস ছিল দ্বিতীয়ার্ধে সে মাঠে নেমে ম্যাচের সমাধান বের করে দিতে পারবে।’

এখন রবিবার পর্তুগালের পরবর্তী প্রতিপক্ষ সুইজারল্যান্ড।