ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে দলের সঙ্গে ছিলেন না মাহবুবুর রহমান সুফিল। পারিবারিক কারণে যেতে পারেননি এই ফরোয়ার্ড। তবে মালয়েশিয়াতে এশিয়ান কাপ ফুটবলের বাছাই সামনে রেখে দলে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। মালয়েশিয়ায় দলের সঙ্গে যোগ দিয়ে আজ (শনিবার) অনুশীলনও করেছেন তিনি।
প্রধান কোচ হাভিয়ের কাবরেরার অধীনে সুফিল এই প্রথম ডাক পেয়েছেন। এর আগে দুটি প্রীতি ম্যাচে দলের সঙ্গে ছিলেন না। মূলত নিয়মিত একাদশের কয়েকজন চোটে পড়ায় সুফিলের সামনে দুয়ার খুলে যায়।
অনেকদিন জাতীয় দলের বাইরে থাকায় এখন নতুন করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই ফরোয়ার্ড। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া ভিডিও বার্তায় সুফিল বলেছেন, ‘গতকাল (শুক্রবার) মালয়েশিয়ায় এসেছি। আজ (শনিবার) অনুশীলন করলাম। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে পুরো দল উজ্জীবিত। মালয়েশিয়ায় পৌঁছে প্রথম অনুশীলন শেষে কাবরেরা বলেছেন, ‘অধিকাংশ খেলোয়াড়ই ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেছে, তাই রিকোভারির মধ্যে আছি। সুফিল দলে যোগ হয়েছে। বাছাইয়ে আমরা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে চাই।’
আগামী ৮ জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১১ জুন তুর্কমেনিস্তান ও ১৪ জুন স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজ দল।