এশিয়ান কাপ বাছাই

৯৯ ধাপ ওপরে বাহরাইন, রক্ষণই বড় ভরসা বাংলাদেশের

অসম প্রতিপক্ষ বাহরাইন। অন্তত ফিফা র‌্যাঙ্কিং তাই বলছে। ৯৯ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ইতিবাচক পারফরম্যান্স দেখানো বড় কঠিন। তবে লড়াইয়ের আগে হার মানছে না বাংলাদেশ। আগামীকাল (বুধবার) মাঠের লড়াইয়ে ‘সারপ্রাইজ’ দিতে চায় লাল-সবুজ দল। এশিয়ান গেমস ফুটবলের বাছাইয়ে প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকাল সোয়া ৩টায় কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে বাহরাইনের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়ারা।

‘ই’ গ্রুপে এই দুই ছাড়াও আছে তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়া। বাছাই থেকে ছয় গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স-আপ যাবে এশিয়ান কাপের মূল পর্বে। বাংলাদেশের জন্য গ্রুপ পর্বের বাধা পেরোনো বেশ শক্ত কাজ। কারণ গ্রুপের তিন প্রতিপক্ষই শক্তির দিক দিয়ে অনেক এগিয়ে। তাই গ্রুপে থাকা দলগুলোর বিপক্ষে সাধ্যমতো লড়াই করতে পারলেই হবে বড় অর্জন।।

বাহরাইন ম্যাচে আসলে রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত থাকতে হবে বাংলাদেশের। এজন্য অনুশীলনে ডিফেন্ডিং, মানে নিচে নেমে রক্ষণভাগ সামলানোর ওপর জোর দেওয়া হয়েছে। রক্ষণ জমাট থাকলে তখন ক্ষতিটাও কম হবে। সবশেষ ফিফা প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে এই কাজটি বাংলাদেশ ভালোমতো করতে পেরেছে।

বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা খেলোয়াড়দের কাছ থেকে সেরা পারফরম্যান্সের প্রত্যাশা করছেন। যদিও বাহরাইনের সঙ্গে সাম্প্রতিক সময়ে খেলার উদাহরণ নেই। ৪৩ বছর আগে ১৯৭৯ সালে সবশেষ মুখোমুখি হয়েছিল প্রেসিডেন্ট কাপে। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার অন্তত সম্মানজনক ফল করতে চাইছে লাল-সবুজ দল।

বাংলাদেশ অধিনায়ক জামাল অবশ্য ‘সারপ্রাইজ’ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগেই প্রবাসীদের মাঠে আসার আমন্ত্রণও জানানো হয়েছে দল থেকে। তাতে যদি জিকো-বিপলুরা উজ্জীবিত হতে পারেন। রক্ষণ সামলে প্রতিআক্রমণে উঠে কিছু একটা করতে পারলে তখন আসলেই বড় চমক হয়ে থাকবে!