আগামী ২৫ জুলাই থেকে ভারতের ভুবনেশ্বরে শুরু হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ছাড়াও আরও চার দেশ খেলবে। লাল-সবুজের বয়সভিত্তিক দলে ডাক পেয়েছিলেন শেখ মোরছালিন। কিন্তু তার ক্লাব মোহামেডান না ছাড়ায় ভারতে খেলা হচ্ছে না ‘ইউরোপীয় স্টাইলে’ গোল করে আলোচনায় আসা ১৭ বছর বয়সী ফুটবলারের।
বসুন্ধরা কিংস থেকে ধারে এবার মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে খেলছেন মোরছালিন। দুই ম্যাচ ২ গোল করে চারদিকে হইচই ফেলে দিয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। সবশেষ বসুন্ধরা কিংসের বিপক্ষে প্রায় ৪০ গজ দূর থেকে তার নেওয়া গোলটি চোখে লেগে আছে অনেকের।
দেখার মতো গোল করার পর মোরছালিনকে আগামী দিনের তারকা মনে করা হচ্ছে। তাকে নিয়ে অনূর্ধ্ব-২০ সাফের দল গড়া হলেও ভারতে খেলতে যাওয়া হচ্ছে না। বয়সভিত্তিক দলটির গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মোরছালিনসহ মোহামেডানের চারজন খেলোয়াড়কে আমরা চেয়েছিলাম। শুধু মিরাজকে পেয়েছি। ওদের পেলে ভালো হতো। এখন মোহামেডানের লিগে ম্যাচ রয়েছে। তাই সব খেলোয়াড়কে ছাড়ছে না। তবে মোহামেডানের যেহেতু শিরোপা রেসে নেই, খেলোয়াড় ছাড়তে পারতো তারা।’
মোহামেডান ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব খেলোয়াড় না ছাড়ার যুক্তি তুলে ধরে বলেছেন এভাবে, ‘ওদের ছাড়লে আমরা খেলবো কী করে। আমাদের তো মোরছালিনসহ অন্যদের বিকল্প সেভাবে নেই। তাই খেলোয়াড় ছাড়তে পারছি না।’