২০২০ সালের আগস্টে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে থেকে ধারে বসুন্ধরা কিংসে খেলতে আসেন রবিনিয়ো। চলতি মৌসুমে স্থায়ীভাবে তাকে দলভুক্ত করে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার ২৬ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। শনিবার দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে। ক্লাব সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি নবায়ন করে খুশি রবিনহো, ‘খুব ভালো লাগছে। আমি খুশি। আরও ভালো ফুটবল উপহার দিতে চাই।’
কিংসের জার্সিতে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ৫৮ ম্যাচ খেলে ৪১ গোল করেছেন রবিনিয়ো। এছাড়া অ্যাসিস্টও আছে অনেক।
জিতেছেন একটি করে লিগ শিরোপা ও ফেডারেশন কাপ। চলতি লিগে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১৩ গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্ট আছে রবিনিয়োর নামের পাশে।