একের পর এক আক্রমণ হয়েছে। কিন্তু গোল আসছিল না। বাংলাদেশ শিবিরে চিন্তার ভাঁজ। বিরতির পর মাঠে নামলেন মিরাজুল ইসলাম। বাফুফের একাডেমি থেকে উঠে আসা এই ফরোয়ার্ডই হলেন বাংলাদেশের ত্রাতা। তারই লক্ষ্যভেদে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
আজ (সোমবার) ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচে আধিপত্য করেছে বাংলাদেশ। কখনও দুই উইং দিয়ে আক্রমণ হয়েছে। কখনও সেট পিস থেকে। তবে প্রথমার্ধে কোনও গোল আসেনি। লাল-সবুজ দলের ‘নাম্বার নাইন’ পিয়াস আহমেদ একাই কয়েকটি সুযোগ পেয়ে গোলের দেখা পাননি। বিপরীতে শ্রীলঙ্কা অনেকটাই প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলেছে।
ম্যাচ ঘড়ির ৫ মিনিটে বাংলাদেশ এগিয়ে যেতে পারতো। পিয়াস আহমেদ নোভা বক্সে ঢুকে শ্রীলঙ্কার গোলকিপার শেন বানুকা ক্রুসের শরীরে মেরে সুযোগ নষ্ট করেন।
২০ ও ৩৩ মিনিটে পিয়াস হেড থেকে গোল করতে ব্যর্থ হন। ৪৪ মিনিটে বাংলাদেশকে আফসোসে পুড়তে হয়। মোহাম্মদ নাহিয়ানের বক্সে ঢুকে নেওয়া শট এক ডিফেন্ডার ব্লক করেন, ফিরতি বলে রফিকুল ইসলামের শট আবারও প্রতিহত করেন শ্রীলঙ্কার ডিফেন্ডার। আর যোগ করা সময়ে মোহাম্মদ নাহিয়ানের বক্সের বাইরে থেকে নেওয়া শট অল্পের জন্য পোস্ট ঘেঁষে যায়।
বিরতির পর শ্রীলঙ্কা সবচেয়ে ভালো সুযোগটি নষ্ট করে। থেসান থুসমিকার জোরালো শট গোলকিপার মোহাম্মদ আসিফ ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।
আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশ গোলের দেখা পায়। ৭১ মিনিটে শাহিন মিয়ার স্কয়ার পাস থেকে বদলি মিরাজুল ইসলাম দেখেশুনে গোলকিপারকে পরাস্ত করেন। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি লঙ্কান গোলকিপার।
বাকি সময় ১-০ স্কোরলাইন ধরে রেখে বাংলাদেশ মাঠ ছেড়েছে। এর আগে নেপাল ৪-০ গোলে মালদ্বীপকে হারায়।
আগামী ২৭ জুলাই বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে।