বাংলাদেশ জাতীয় দলের কোচ থাকার সময় রেফারির দিকে তেড়ে গিয়ে জরিমানা ও নিষিদ্ধ হয়েছিলেন আর্জেন্টাইন কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি। দীর্ঘদিন পর বাংলাদেশে কোচিং করাতে এসে আবারও জরিমানা ও নিষিদ্ধ হতে হলো তাকে। এবার ৬ মাস বাংলাদেশের যেকোনও পর্যায়ের ফুটবলে নিষিদ্ধ থাকবেন ৫৫ বছর বয়সী কোচ। সঙ্গে গুনতে হচ্ছে ১ লাখ টাকা জরিমানা।
২৬ জুলাই উত্তর বারিধারার বিপক্ষে ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কোচ ক্রুসিয়ানি ২৮ মিনিটের সময় রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে প্রবেশ করেন। চতুর্থ রেফারি তাকে মাঠ থেকে বের করার চেষ্টা করলে তিনি বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন। এসময় মাথা দিয়ে চতুর্থ রেফারিকে আঘাত করেন ও প্রাণনাশের হুমকি দেন। তারই শাস্তি হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি ক্রুসিয়ানিকে বড় ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। কমিটির চেয়ারম্যান মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া উত্তর বারিধারাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সহকারী ম্যানেজার জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা ছাড়াও এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। টিম ম্যানেজার নুর হোসেন ও খেলোয়াড় সুজন বিশ্বাসও ৬ মাস নিষিদ্ধ থাকবেন।
এদিকে ডিসিপ্লিনারি কমিটি বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনকে ১ লাখ টাকা জরিমানা ও এক ম্যাচ সাসপেন্ড করেছে। একটি মিডিয়াতে প্রিমিয়ার লিগ নিয়ে সমালোচনা করেন স্প্যানিশ কোচ। প্রথমে তাকে শোকজ দেওয়া হয়। তিনি উত্তর দিতে অস্বীকার করেন। তবে ডিসিপ্লিনারি ধারা ৫১.৭.৩ অনুযায়ী ব্রুজন জরিমানা ও নিষেধাজ্ঞা এড়াতে পারেননি। এছাড়া ভবিষ্যতের জন্য তাকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে করা হয়েছে ৫০ হাজার টাকা জরিমানা। গত ১৫ জুলাই শেখ রাসেলের বিপক্ষে ম্যাচে ২৬ মিনিটের সময় একটি ফাউলকে কেন্দ্র করে রেফারির সিদ্ধান্ত না মেনে ১৩ মিনিট খেলা থেকে বিরত থাকে মুক্তিযোদ্ধা সংসদ। তারই শাস্তি পেয়েছে ক্লাবটি।