খেলোয়াড়দের ২০ দিনের অনুশীলন ক্যাম্পে কখনও পাননি বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবেররা। এবারই প্রথম দীর্ঘসময় পেয়ে জামাল-জনিদের নিয়ে কঠোর পরিশ্রম করে গেছেন ৩৭ বছর বয়সী স্প্যানিয়ার্ড। তাই তো আগামী ২২ ও ২৭ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচের আগে কাবরেরাকে আত্মবিশ্বাসী করে তুলেছে।
কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে খেলতে আজ (বুধবার) মধ্যরাতে জামাল ভূঁইয়ারা ঢাকা ছাড়তে যাচ্ছে। এছাড়া ১৯ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে আনঅফিসিয়ালি ম্যাচও হবে। তার আগে ২৩ সদস্যের দল চূড়ান্ত হয়েছে। ফরোয়ার্ড শাহরিয়ার ইমন ও গোলকিপার মোহাম্মদ নাইম কাবরেরার গুডবুকে জায়গা পাননি। মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও সোহেল রানা চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন।
দুটি প্রীতি ম্যাচ ঘিরে কাবরেরা আশাবাদী, ‘২০ দিনে ১৬ ট্রেনিং সেশনে আমরা কাজ করেছি। কিছু ইনজুরি দুর্ভাগ্য রয়েছে। তারপরও আমরা দুই ম্যাচ জয়ের বিষয়ে আশাবাদী।’
কোন দৃষ্টিকোণ থেকে এবার দল নিয়ে আশাবাদী কাবরেরা? এই স্প্যানিশ কোচের উত্তর, ‘আমি খেলোয়াড়দের বোঝাতে চেষ্টা করেছি- আমরা যে মানের ফুটবল খেলার প্রত্যাশা করছি, তা খেলার সামর্থ্য আমাদের রয়েছে। এভাবে ছেলেদের উজ্জীবিত করার চেষ্টা করেছি। সে দৃষ্টিকোণ থেকে ম্যাচ দুটি ভিন্ন হতে যাচ্ছে।’
বাংলাদেশ দল:
গোলকিপার: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, মাহফুজ হাসান প্রিতম।
রক্ষণভাগ: ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, কাজী তারিক, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, ইসা ফয়সাল, রহমত মিয়া।
মাঝমাঠ: মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, জামাল ভূঁইয়া, রাকিব হাসান, আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।
আক্রমণভাগ: সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, সাজ্জাদ হোসেন।