এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাছাইপর্বে ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জিতেছে বাংলাদেশ। শেষের দিকে বদলি আশরাফুল হক জয়সূচক গোলটি করেন। বাহরাইনের সঙ্গে ড্রয়ের পর ভুটানের বিপক্ষে জয় পেয়ে উচ্ছ্বসিত পুরো দল। এখন তাদের দৃষ্টি বাহরাইনে অবিশ্বাস্য কিছু করা।
সোমবার ১-১ গোলে সমতায় থাকার পর চেষ্টা করেও গোল পাচ্ছিলো না বাংলাদেশ। তখনই শেষের দিকে এসে আশরাফুল গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন। বুধবার রাতে অনুশীলনের এক ফাঁকে আশরাফুল হক নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে সংবাদ মাধ্যম কে বলেছেন, ‘গোলটা আমাদের প্রয়োজন ছিল, ভুটানের বিপক্ষে জয় ছিল জরুরি। শেষ মুহূর্তে আমি গোল করতে পেরে আমি অনেক খুশি। দেশবাসীর কাছে দোয়া চাই।’
আগামীকাল শুক্রবার গ্রুপে তৃতীয় ম্যাচে কাতারের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে আশরাফুল বলেন, ‘কাতারের বিপক্ষে আমরা ভালো করতে চাই। ম্যাচে গোলও করতে চাই। আশা করছি, কাতারের বিপক্ষে আমরা ভালো করবো। মূলপর্বে নাম লেখাতে পারলে তা হবে অবিশ্বাস্য। আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবো।'
ভুটান ম্যাচে প্রথম গোলদাতা পিয়াস আহমেদ নোভা। পিয়াসও আশাবাদী ভালো কিছু হবে। তার কথায়, ‘আসলে ভুটানের বিপক্ষে গোল করার পর অনেক ভালো লাগছে। দলটির বিপক্ষে গোল করার ইচ্ছে ছিল, তা করতে পেরে ভালো লাগছে। কাতারের বিপক্ষে আমরা ভালোকিছু করার চেষ্টা থাকবে, ম্যাচটা টাইট হবে। আমি এখানেও গোল করতে চাই।'