সাফ জিতে সাবিনারা ছাদখোলা বাসে রাজসিক সংবর্ধনা পেয়েছে। ঢাকার রাস্তায় এমন অভিনন্দনের জোয়ার বিরল ঘটনা। কাঠমান্ডুতে প্রথমবারের মতো সাফ জিতে লাল-সবুজ দল স্বপ্ন সত্যি করেছে। খবরটা শুনে আর সবার মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনেক খুশি হয়েছেন। উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। এত ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রী আজ (বুধবার) বারবার সাবিনাদের খবর নিয়েছেন। সংবাদমাধ্যমের কাছে তেমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সাবিনাদের ছাদখোলা বাসে ছিলেন ক্রীড়াপ্রতিমন্ত্রীও। রাতে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী ক্রীড়াঅন্তপ্রাণ একজন মানুষ। উনাকে অনেক সময় কিছু বলতে হয় না। নিজের ইচ্ছায় করেন। বিজয়ের পর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, উনি যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, উনার পাশে তখন আরও কেউ ছিলেন। তাদের সঙ্গে শেয়ার করছিলেন, ‘জয়ী হয়েছি, জিতে গিয়েছি...।’ তার এমন অভিপ্রকাশ আমাদের কাছে খুবই ভালো লেগেছে।’
এরপরই যোগ করেন, ‘প্রধানমন্ত্রী সবসময় তাদের পাশে আছেন। কিছুদিন আগে বয়সভিত্তিক ফুটবলে জয়ীদের করোনার সময় ডেকে সংবধর্নার পাশাপাশি আর্থিকভাবে সাহায্য করেছেন।’
ছাদখোলা বাসে চড়ে যখন সোনার মেয়েরা বাফুফে ভবনে যাচ্ছিলেন, তখনও প্রধানমন্ত্রী মেয়েদের খবর নিচ্ছিলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী সেই খবর তুলে ধরে বলেছেন, ‘উনি একটার পর একটা খবর নিচ্ছেন। আজ বাসে থাকার সময় কয়েকবার মেসেজে উত্তর দিয়েছেন। তখন আমেরিকাতে ভোর, যখন আমরা আসছিলাম (দুপুরে)। ভোরের সময় বারবার মেসেজের উত্তর দিয়েছেন। তার মানে উনার যে উচ্ছ্বাস, মেয়েরা যা করে দেখিয়েছে। আমরা এমন জয় প্রত্যাশা করেছিলাম। ফুটবলে ঘুরে দাঁড়ানোর জন্য।’
মেয়েদের জন্য বড় কিছু অপেক্ষা করছে বলে জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘আমরা অবশ্যই বড় কিছু পুরস্কার ও অনেক কিছু দেওয়ার অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রী দেশে থাকলে এটার চেহারাটা আরও অন্যরকম কিছু হতো। ভালোভাবে পুরস্কৃত করবো। প্রধানমন্ত্রী দেশে আসলে তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবো।’
সানিজদার কথা উল্লেখ করে জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘সানজিদার স্ট্যাটাসটা ভাইরাল হয়েছে। আমরা একরাতের মধ্যে ব্যবস্থা করতে পেরেছি। ভবিষ্যতে ওরা আরও বড় সাফল্য নিয়ে আসতে পারবে। অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে।’
আজ ফুটবলে নতুন জাগরণ দেখে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘সমুদ্রের মতো দর্শক এসেছে। দুটো কারণে। একটা উইনিং চ্যাম্পিয়ন। আর একটা হলো, মিডিয়ার রোলের কারণে। দেশের ফুটবল এগিয়ে নিতে গেলে সবার সহযোগিতা লাগবে। এখন আমরা বিজয়ী দল। আমাদের প্রধানমন্ত্রী ক্রীড়ামনস্ক মানুষ। সামনে আরও সাফল্য আসবে।’