হ্যাটট্রিক করে দলকে ফাইনালে তুললেন সাবিনা

মালদ্বীপে দারুণ নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। মালেতে ফাইভ-এ-সাইড টুর্নামেন্ট এই স্ট্রাইকারের হ্যাটট্রিকে  ধিবেহি সিফাইং ক্লাব ফাইনালে উঠেছে। তারা প্রথম সেমিফাইনালে ৬-২ গোলে  ওয়ামকোকে বিধ্বস্ত করেছে।

শনিবার রাতে ম্যাচ শুরুর ৬ মিনিটে ওয়ামকো গোল করে চমক দেখায়, ৩৬ মিনিটে পায় আরও একটি গোল। তবে সাবিনা ৩০,৩৩  ও ৪০ মিনিটে গোল করে ঝলক দেখান। হ্যাটট্রিকও পূর্ণ হয়।  এ নিয়ে টুর্নামেন্টে সাবিনার গোলসংখ্যা ১৫ টি।

এছাড়া ফাতিমাহ থিবা ২২ ও ৩১ মিনিটে দুটি গোল করেন। আর বাংলাদেশের আরেক ফুটবলার  মাতসুসিমা সুমাইয়া ১৬ মিনিটে একটি লক্ষ্যভেদ করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

সাবিনার দল ৩ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে মালদ্বীপ পোর্ট লিমিটেডের বিপক্ষে।