চোট ধাক্কায় বিশ্বকাপ ধরে রাখার চ্যালেঞ্জটা কঠিন হয়ে গেছে ফ্রান্সের। সর্বশেষ চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ২৫ বছর বয়সী স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুনকুর।
লাইপজিগের হয়ে খেলা এই স্ট্রাইকার জাতীয় দলের অনুশীলনে মঙ্গলবার চোট পেয়েছেন। চোটের ধরণও গুরুতর। বাম হাঁটুর তন্তু ছিঁড়ে গেছে তার। ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে, কোনও অবস্থাতেই আর যোগ দিতে পারবেন না।
কাতার বিশ্বকাপে ফ্রান্স তাদের ওপেনিং ম্যাচ খেলবে ২২ নভেম্বর। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সাধারণত ফিফার নিয়ম বলে, প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত বদলি খেলোয়াড় পরিবর্তন করা যাবে। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন জানিয়েছ, ফিফায় পাঠানো এনকুনকুর মেডিক্যাল ফাইল বৈধতা পেলেই বদলি কারো নাম ঘোষণা করা হবে।
স্কোয়াডে কারিম বেনজিমা ও কিলিয়ান এমবাপ্পের সম্ভাব্য বিকল্প হিসেবেই এনকুনকুকে রাখা হয়েছিল।
চোটের কারণে পেয়ে এবার খেলা হচ্ছে না ২০১৮ বিশ্বকাপ জয়ী সদস্য মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কন্তেরও।