কাতার বিশ্বকাপ দেখতে আসা ইসরায়েলিদের সতর্ক থাকার পরামর্শ

ভূ-রাজনৈতিক কারণে ইসরায়েলিদের ওপর এক ধরনের বিদ্বেষ আছে আরব দেশগুলোর। তাই কাতার বিশ্বকাপে যেসব ইসরায়েলি নাগরিক সেখানে ভ্রমণ করতে যাবেন, তাদের বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য বলা হচ্ছে।

১০ থেকে ২০ হাজারের মতো ইসরায়েলি কাতার বিশ্বকাপ উপভোগ করার কথা। কিছু দর্শকের আবার তেল আবিব থেকে সরাসরি সেখানে উড়ে আসারও কথা রয়েছে। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দেশ মনে করে না কাতার। তাই তাদের মাঝে কোনও কূটনৈতিক সম্পর্কও নেই। তার পরেও টুর্নামেন্ট বিবেচনায় সেখান থেকে সরাসরি ফ্লাইটের অনুমোদন দেবে কাতার কর্তৃপক্ষ।

স্থায়ী কোনও সম্পর্ক না থাকলেও ইসরায়েলিদের শুধু কাতার বিশ্বকাপের জন্য অস্থায়ী ভিসা দেওয়া হচ্ছে। এক ইসরায়েলি রাষ্ট্রদূত অ্যালন ল্যাভি এমন তথ্যই রয়টার্সকে জানিয়েছেন। সেখানে আগত ইসরায়েলিদের হয়ে কাজ করা প্রতিনিধি দলের মুখপাত্র তিনি।

আরও জানিয়েছেন, ইসরায়েলিদের বিশেষ করে কাতারের কঠোর নিয়ম কানুনের ব্যাপারে তারা সবাইকে সতর্ক থাকতে উপদেশ দিচ্ছেন। এর কারণ হিসেবে বলেছেন, ‘আসলে এখানে থাকা প্রতিনিধি দল সব ইভেন্টে তাদের সহযোগিতা করার জন্য রয়েছে। যদিও দুই দেশের মাঝে সম্পর্ক না থাকায় এখানে আমাদের অবকাঠামো নেই। যা অন্যান্য দেশের রয়েছে। তাই ইসরায়েলিদের গ্রেফতার হওয়ার মতো সম্ভাব্য ঘটনা আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ।’