কোন ফরমেশনে খেলবেন মেসিরা?

আর মাত্র কয়েক ঘণ্টা।  লুসেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় বিশ্বকাপ মিশনে সৌদি আরবের বিপক্ষে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিফা র‍্যাংকিংয়ে অনেক পিছনে থাকা সৌদি আরবের বিরুদ্ধে কেমন ফরমেশনে মাঠে নামবে আর্জেন্টিনা? আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, সৌদির বিরুদ্ধে স্কালোনি ৩–৪–৩ ফরমেশনে দলকে খেলাতে পারেন।

গোলপোস্টের পাহারায় অবধারিতভাবেই থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ। তার সামনে থাকতে সেন্টার ব্যাক হিসেবে খেলবেন  টটেনহ্যামের ক্রিশ্চিয়ান রোমেরো। তার বাঁ পাশে থাকবেন অলিম্পিক লিওর লেফটব্যাক নিকোলাস ওটামেন্ডি আর রাইট ব্যাক হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদের নাহুয়েল মোলিনা।

মাঝমাঠের নিয়ন্ত্রণে থাকবেন মার্কোস আকুনিয়া, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস ও অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। আকুনিয়া লেফট ব্যাক হিসেবেও খেলে থাকেন। ফলে তিন ডিফেন্ডারকে রক্ষণে সাহায্যও করবেন তিনি।

মধ্যমাঠে খেলা তৈরির মূল কাজটা থাকবে ২৩ বছরের তরুণ অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের ওপর। তাকে সঙ্গ দেবেন রদ্রিগো ডিপল ও ২৮ বছর বয়সী লিয়ান্দ্রো পারেদেস।

আক্রমণভাগে মেসি তো থাকছেনই। তার সঙ্গে থাকছেন কে কে? সদ্যই চোট থেকে ফিরেছেন পাওলো দিবালা। মেসির সঙ্গে তার পজিশন এক। তাই দিবালা শুরুর একাদশে থাকছেন না এমনটাই খবর। সেক্ষেত্রে মেসির সঙ্গে আর্জেন্টিনার আক্রমণভাগে খেলার বেশি সম্ভাবনা অ্যাঞ্জেল ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজের।