কাতার বিশ্বকাপ অভিযানে শুরুর ম্যাচেই আধিপত্য দেখালো আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে থাকলো ১-০ গোলে। অবশ্য আলবিসেলেস্তেদের দাপট দেখানো ম্যাচটায় বার বারই মেসিদের আক্ষেপের কারণ হয়ে দাঁড়ালো অফসাইড। ৩টি গোল বাতিল হয়েছে অফসাইডের ফাঁদে পড়ে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলা দলটি থেকে চারটি পরিবর্তন আনেন স্ক্যালোনি। ফিরেছেন মলিনা, তাগলিয়াফিকো, গোমেজ ও মার্তিনেজ।
আক্রমণাত্মক সূচনায় খেলার দ্বিতীয় মিনিটে সুবর্ণ সুযোগও আসে। ১২ গজ দূর থেকে মেসি জোরালো শট নিয়েছিলেন। দারুণ রিফ্লেক্সে সেটি সেভ করেন সৌদি গোলকিপার আল ওয়াইস। ১০ মিনিটে প্রতিপক্ষের ফাউলের সুবাদে পাওয়া পেনাল্টিতে আর ভুল হয়নি যদিও। স্পট কিক থেকে জাল কাঁপান মেসি।
তার পর হাইলাইন ধরে খেলার চেষ্টা করেছে সৌদি। তাতে বিপদটা বাড়ে আর্জেন্টাইনদেরই। বার বার অফসাইডে বাতিল হয়েছে তিন গোল। চাপ ধরে রেখে মেসি দ্বিতীয় গোল তুলে নিয়েছিলেন ২২ মিনিটে। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল হয়ে যায় তা।
২৮ মিনিটে মার্তিনেজও জাল কাঁপিয়েছিলেন। এবারও তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় অফসাইড! ৩৪ মিনিটে আবার জাল কাঁপান আর্জেন্টাইন তারকা। পুনরায় অফসাইডের ফাঁদে পড়ে গোল পাওয়া থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা।
পুরো ম্যাচে আর্জেন্টিনার আধিপত্যের ম্যাচে অফসাইডের আধিপত্যও ছিল চোখে পড়ার মতো- ৭টি।