অপ্রত্যাশিতভাবে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হেরে বেশ চাপে আছে আর্জেন্টিনা। তিন পয়েন্ট হারিয়ে এখন তো নক আউট পর্বে জায়গা করে নেওয়াটাও কঠিন হয়ে পড়েছে। তবে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগে দৃঢ়সংকল্পবদ্ধ লিওনেল মেসিরা। তাই তো আজ অনুশীলনে তাদের বেশ সিরিয়াস দেখা গেলো। যাতে ব্যাঘাত না ঘটে সেই কারণে অনুশীলন চলেছে রুদ্ধদ্বার ভাবে। পরের ম্যাচের রণকৌশল নির্ধারণ করে ঘাম ঝরায় তারা। লক্ষ্য যে করেই হোক মেক্সিকো ম্যাচে ঘুরে দাঁড়ানো।
অবশ্য মেক্সিকোর বিপক্ষে ঘুরে দাঁড়াতে হলে কিছু কৌশলে পরিবর্বতন আসলেও আসতে পারে। সেক্ষেত্রে একাদশে পরিবর্তন হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে কোন কৌশলে কাদের নিয়ে পরবর্তী ‘যুদ্ধে’ নামা হচ্ছে। সেটা টের পেতে দেয়নি মেসি-ডি মারিয়ারা।
আর্জেন্টাইন টেলিভিশন টিওয়াইসি স্পোর্টস বলেছে, বৃহস্পতিবার কাতারে নিজেদের মাঠে দরজা (ক্লোজড ডোর) বন্ধ করে তারা অনুশীলন করেছে। ধারণা পাওয়া যায়নি ছক নিয়েও। এ নিয়ে দুই দিন ধরে নিশ্চয়ই কোচিং স্টাফদের মধ্যে বিস্তর বিশ্লেষণ হয়েছে। সব কিছু গোপন রাখতেই হয়তো মহড়া চলেছে দরজা বন্ধ রেখে।
তবে টিওয়াইসি টেলিভিশন একটা ধারণা দিয়েছে যে, শুরুর একাদশে নাকি তিনটি পরিবর্তন আসলেও আসতে পারে। যা সৌদি আরবের বিপক্ষে শেষ দিকেই দেখা গেছে। ওই ম্যাচে তিনটি পরিবর্তন আনেন স্ক্যালোনি। ক্রিস্তিয়ান রোমেরো, পাপু গোমেজ এবং লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় নামেন লিসান্দ্রো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজ। এছাড়া প্রতিপক্ষ ভেবে খেলার কৌশলে কী পরিবর্তন আনা যায়, সেটি নিয়েও কাজ চলছে। যাতে মেস্কিকোর বিপক্ষে বড় জয় তুলে নেওয়া যায়! নাহলে শনিবার তিন পয়েন্ট পেতে ব্যর্থ হলে যে পরের পর্বে যাওয়াটাই শঙ্কার মাঝে পড়ে যাবে। লিওনেল মেসিরা নিশ্চয়ই তা হতে দিতে চাইবেন না।