সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে বেঞ্চে রেখে গঞ্জালো রামোসকে মাঠে নামান কোচ সান্তোস। রামোস হ্যাটট্রিকও করেন। এরই মধ্যে পর্তুগালের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, সান্তোসের সঙ্গে দ্বন্দ্বের জেরে কাতার তথা পর্তুগাল শিবির ছাড়ার হুমকি সিআর সেভেন।
এমন গুঞ্জন বন্ধে অবশেষে বিবৃতি দিলো পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশন। তারা বিবৃতিতে লিখেছে, বৃহস্পতিবার একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে, জাতীয় দলের কোচ ফের্নান্দো সান্তেসের সঙ্গে কথোপকথনের সময় নাকি ক্রিস্টিয়ানো জাতীয় দল ছাড়ার হুমকি দিয়েছেন। এফপিএফ স্পষ্ট করে জানিয়ে দিতে চায় যে, জাতীয় দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো কোনও সময়েই জাতীয় দল ছাড়ার হুমকি দেয়নি। জাতীয় দলের প্রতি তার দায়বদ্ধতা প্রশ্নাতীত।
শনিবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচেও নাকি বেঞ্চে থাকতে পারেন রোনালদো। গতকাল বুধবার অন্যান্য বদলি ফুটবলারদের সঙ্গে ক্রিস্টিয়ানো অনুশীলন করেননি এমন খবরও সামনে এসেছে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলা ফুটবলারদের সঙ্গে জিমে সময় কাটিয়েছেন তিনি।