৫১ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামলেন। পর্তুগাল ততক্ষণে এক গোলে পিছিয়ে। গোল করতেই হবে বা করাতে হবে। একের পর এক চেষ্টার কোনও ত্রুটি ছিল না সিআর সেভেনের। কিন্তু ভাগ্যবিধাতা হয়তো পক্ষে ছিলেন না। মরক্কোর কাছে হেরে কাতার থেকে করুণ বিদায় নিয়েছে পর্তুগাল।
তবে রোনালদো প্রথম একাদশে থাকলে চিত্রটা ভিন্ন হতে পারতো—এমন আক্ষেপ থাকা স্বাভাবিক। তবে এ নিয়ে অনুতপ্ত নন কোচ সান্তোস।
ম্যাচের পরে তিনি বলেন, আমার এ নিয়ে কোনও অনুশোচনা নেই। এটা (রোনালদো প্রথম একাদশে থাকলে) কোনও কিছুই পরিবর্তন করতো না। সুইসদের বিরদ্ধে দুর্দান্ত খেলা দলে পরিবর্তন আনার কোনও কারণই দেখি না আমি।
তবে এই সিদ্ধান্ত নেওয়া যে অনেক কঠিন ছিল তা জানিয়ে সান্তোস বলেন, এটা ছিল কৌশলগত সিদ্ধান্ত। যেটা আমার হৃদয় থেকে নয়, মাথা থেকে এসেছে।