মেসিদের উদ্দেশে মদ্রিচের হুঙ্কার

সেমিফাইনালের আগে যেন আর্জেন্টিনাকে একরকম হুমকি দিয়েই রাখলেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ। একটি স্প্যানিশ গণমাধ্যমেক দেওয়া সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, আমরা বড় টিমের বিপক্ষেই সেমিফাইনাল খেলতে চেয়েছি। মেসি নিশ্চিতভাবেই তাদের সেরা খেলোয়াড়। কিন্তু আমরা তৈরি। নিজেদের সেরাটা দেওয়াই ফাইনালে ওঠার জন্য যথেষ্ট।

রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার আরও বলেন, ক্রোয়েশিয়ার জাতীয় দলে রিয়াল মাদ্রিদের মতোই ডিএনএ রয়েছে। যারা সবসময় শেষ দেখেই ছাড়ে। কখনও হাল ছাড়ে না।

মঙ্গলবার দিবাগত রাত ১টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপে এটাই এই দুই দলের তৃতীয়বার মুখোমুখি সাক্ষাৎ। নকআউটের ম্যাচে প্রথম ১৯৯৮ সালে আর্জেন্টাইনরা ১-০ গোলে ক্রোটদের হারায়। এরপর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে মদ্রিচদের বিরুদ্ধে ৩-০ গোলে বড় পরাজয় দেখেছিলেন লিও মেসিরা। চার বছর আগে বড় ব্যবধানে হারের যন্ত্রণা নিয়েই বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোটদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়াও হাত গুটিয়ে বসে নেই। ষষ্ঠ বিশ্বকাপ ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখা আর্জেন্টাইনদের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিতে তৈরি, তা বুঝিয়ে দিয়েছেন ক্যাপ্টেন মদ্রিচ।