দুই ব্রাজিলিয়ানের গোলে বসুন্ধরা কিংসের জয়

ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েল্তনের লক্ষ্যভেদে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বিরতির পর আরেক ব্রাজিলিয়ান রবিনহো ব্যবধান দ্বিগুণ করেন। তাতেই প্রিমিয়ার ফুটবল লিগে রহমতগঞ্জকে হারের স্বাদ দিয়েছে বসুন্ধরা কিংস। অস্কার ব্রুজনের দল ২-০ গোলে পুরনো ঢাকার দলটিকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। দিনের অন্য ম্যাচে আরেক ঐতিহ্যবাহী মোহামেডান পিছিয়ে থেকে ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে।

বসুন্ধরা কিংস অ্যারেনাতে দুই ব্রাজিলিয়ান গোল পেলেও নেপথ্যে ছিলেন আরেক স্বদেশী মিগেইল ফিগেইরা। দুটি গোলের পিছনে তার দারুণ অবদান। শনিবার  ম্যাচ ঘড়ির ১১ মিনিটে প্রথম এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বক্সের বাইর থেকে মিগেইল ফিগেইরার দারুণ এক মাপা ক্রসে দোরিয়েল্তন নিখুঁত হেডে জাল কাঁপান। এক ডিফেন্ডার লাফিয়ে উঠেও কিছুই করতে পারেননি।

৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। মিগেইল ফিগেইরার দারুণ এক পাসে রবিনহো বক্সে ঢুকে বা দিক দিয়ে বলের নিয়ন্ত্রণ নিজের কাছে রেখে কোনাকোনি শটে গোলকিপার মামুন আলীকে পরাস্ত করেন।  গোল করেই আকাশের দিকে দুই হাত উঁচিয়ে ধরে হয়তো সদ্যপ্রয়াত কিংবদন্তী পেলেকে স্মরণ করেন তিনি।

যোগ করা সময়ে রহমতগঞ্জ সুযোগ পেয়েছিল। সতীর্থের কর্নার থেকে তানভীর হেডে লক্ষ্যে রাখতে পারেননি বল। হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

প্রিমিয়ার লিগে তিন ম্যাচে সবকটিতে জিতে ৯ পয়েন্ট পেয়ে শীর্ষেই আছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে রহমতগঞ্জ দুই হার ও এক ড্রতে আগের ১ পয়েন্টই ভরসা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী দুবার এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।

ম্যাচের ২৯ মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড ওজুক ডেভিডের গোলে এগিয়ে যায়। দুই মিনিট পর মোহামেডান সমতায় ফেরে। মালির স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতে গোল করে স্বস্তি ফেরান।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবাহনী আবারও এগিয়ে যায়। আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াকুবা বাম্বা গোল করে আবাহনীকে এগিয়ে নেন।

৫৯ মিনিটে জাফর ইকবালের পাসে মানিক মোল্লা সমতায় ফেরালে মোহামেডানের এক পয়েন্ট নিশ্চিত হয়।

মোহামেডান তিন ম্যাচে দ্বিতীয় ড্রতে ৫ পয়েন্ট। চট্টগ্রাম আবাহনীরও একই সংগ্রহ।