প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস টানা ছয় ম্যাচ জিতে নিয়েছে। বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। তাদের বড় জয়ে অবিশ্বাস্য গোল পেয়েছেন রাকিব হোসেন। অন্য দিকে ফর্টিস এফসি ১-১ গোলে ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে। নবাগত দলটি এক পয়েন্ট পেয়েছে তাদের এক ব্রাজিলিয়ানের ঝলকে।
শনিবার (২১ জানুয়ারি) মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটেই রাকিব হোসেনের অবিশ্বাস্য গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। আসরের গফুরভের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সের কোনা থেকে নিখুঁত চিপ শটে দূরের পোস্ট ছুঁয়ে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড, ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলকিপার পাপ্পু হোসেন। সাধারণ স্হানীয় কোনও খেলোয়াড়ের কাছ থেকে এমন গোল কমই দেখা যায়।
১১ মিনিটে কিংসের ব্যবধান বাড়ান দোরিয়েল্তন গোমেজ। রবিনহোর থ্রু পাস পান ইয়াসিন আরাফাত, তার কাটব্যাক থেকে মাপা শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিগে দোরিয়েল্তনের এটা ষষ্ঠ গোল।
দুই গোলে এগিয়ে থাকা বসুন্ধরা প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ানো অব্যাহত রাখে। তবে সুযোগ নষ্টের কারণে এবার একটির বেশি গোল পায়নি। অপরদিকে কিংসের রক্ষণভাগকে তেমন কোনও পরীক্ষায় ফেলতে পারেনি চিটাগাং আবাহনী। ডাগ আউট থেকে সাইফুল বারী টিটু নির্দেশনা দিয়েও দলের বড় হার এড়াতে পারেননি।
৩২ মিনিটে এবার সুযোগ হাত ছাড়া করেন রাকিব। প্রতি আক্রমণে গিয়ে মাঝ মাঠের সামনে থেকে দারুণ বল ছাড়েন রবিনহো। বলের নিয়ন্ত্রণও নিয়েছিলেন রাকিব, কিন্তু গোলকিপার পাপ্পুকে একা পেয়েও বল লক্ষ্যে রাখতে ব্যর্থ হন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দোরিয়েল্তনের সুযোগ মিসে ব্যবধান বাড়াতে পারেনি কিংস। অবশেষে ৭০ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় কিংস। রাকিবের ডান দিকের ক্রসে ছয় গজ বক্সের ভেতরে আলতো করে পা লাগিয়ে বল জালে পাঠান ইয়াসিন আরাফাত।
দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসি। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ৩৮ মিনিটে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন তাজ উদ্দিন। ৬৪ মিনিটে ফর্টিসকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো অগোস্তো।
৬ ম্যাচে বসুন্ধরার পয়েন্ট ১৮। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা আবাহনী ও শেখ জামাল থেকে ছয় পয়েন্টে এগিয়ে গেলো কিংস।পাঁচ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দশম স্থানে চিটাগাং আবাহনী।
সমান ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ফর্টিস। ছয় ম্যাচে ৪ পয়েন্টে নবম স্থানে মুক্তিযোদ্ধা।