কষ্টে ওসাসুনাকে হারালো রিয়াল মাদ্রিদ

প্রতিপক্ষের মাঠে শুরুতে গোল পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র একের পর এক সুযোগ নষ্ট করছিলেন। এক পর্যায়ে পয়েন্ট হারানোর শঙ্কা জাগে। ঠিক সেসময়ে ফেদে ভালভার্দে গোল পেলেন। এরপর আসেনসিও ব্যবধান দ্বিগুণ করেন। তাতেই লা লিগায় ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত হয় আনচেলত্তির দলের।

করিম বেনজেমা না থাকায় রিয়ালকে গোল পেতে সময় লেগেছে। ম্যাচ ঘড়ির ১০ মিনিটে রিয়াল ভালো সুযোগ নষ্ট করে। ভিনিসিয়ুসের শট গোলকিপার সের্হে প্রতিহত করে গোল হতে দেননি।

পাঁচ মিনিট পর মানু সানচেসের চমৎকার ক্রসে আন্তে বুদেমির ঠিকমতো হেড নিতে পারেননি। সুযোগ নষ্ট হয় ওসাসুনারও। ৪৩ মিনিটে আবারও সুযোগ পান বুদেমির, পারেননি লক্ষ্যভেদ করতে। বিরতির পর শুরুতে রদ্রিগোর বাকানো শট অল্পের জন্য গোল হয়নি।

৫৬ মিনিটে ওসাসুনা গোলকিপারকে একা পেয়ে পরাস্ত করতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস। ৬২ মিনিটে গোমেসের শট পোস্টে লাগলে এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। ৭৪ মিনিটে ভিনিসিয়ুসের প্রচেষ্টা স্বাগতিকদের গোলকিপার নস্যাৎ করে দিলে এগিয়ে যাওয়া হয়নি রিয়াল মাদ্রিদেরও।

চার মিনিট পর অবশেষে রিয়াল পেলো গোলের দেখা। ভিসিয়ুসের বাইলাইন থেকে করা কাটব্যাক থেকে দারুণ ভলিতে জাল খুঁজে নেন অরক্ষিত ভালভেরদে। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করে তিন পয়েন্ট নিশ্চিত করেন আসেনসিও।

২২ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।