কাতার বিশ্বকাপের সময়ই বোঝা গিয়েছিল স্প্যানিশ দলটায় সের্হিয়ো রামোসের দিন শেষ। লুইস এনরিকের বদলে আসা নতুন কোচ লুইস ডে লা ফুয়েন্তে আসার পর বিষয়টা আরও পরিষ্কার হয়ে গেলো। তাকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, স্পেনের নতুন দলে আর বিবেচিত হবেন না তিনি। নিজের শেষ দেখে ফেলায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী ডিফেন্ডার।
স্পেনের হয়ে রেকর্ড ১৮০ টি ম্যাচ খেলে রামোস ২৩টি গোল করেছেন। জিতেছেন ২০১০ বিশ্বকাপসহ ব্যাক টু ব্যাক ইউরো চ্যাম্পিয়নশিপ (২০০৮, ২০১২)।
অবসরের ঘোষণা দেওয়া রামোস নিজের আক্ষেপ-ক্ষোভও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। শুরুতে বলেছেন, ‘বর্তমান হেড কোচের কাছ থেকে কল পেয়েছি। তিনি বলেছেন, আমি তার কোনও পরিকল্পনায় দলে থাকছি না। ক্যারিয়ারে আমার ফর্ম যাই হোক না কেন।’
তার পর আরও বলেছেন, ‘অনেক দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমার পথের শেষটা এমন হবে, তা আশা করিনি। মনে করেছিলাম লা রোহাদের হয়ে আরও মধুর স্মৃতি নিয়ে শেষ করতে পারবো। অথবা অর্জনের সঙ্গী হয়ে।’
এভাবে অবসর নিতে বাধ্য হওয়ায় তার যে ক্ষোভ কাজ করছে, সেটাও প্রকাশ করেছেন তিনি। রামোসের কথা, ‘সত্যিকার অর্থে আমার বিশ্বাস ছিল ক্যারিয়ারের শেষটা হবে নিজের সিদ্ধান্তে অথবা আমার পারফরম্যান্স জাতীয় দলের মানের নয় সেই কারণে। শুধু বয়স বা অন্য কোনও কারণে শেষ হবে এমনটা ভাবিনি।’
২০২১ সালে রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে যোগ দেওয়া রামোসের কথা এটাই ইঙ্গিত করে, কম বেশি করে হলেও অবসরের বিষয়টা তার ওপর নতুন কোচ চাপিয়ে দিয়েছেন। বয়স নিয়ে তার প্রতিক্রিয়া, ‘বয়স কখনো একটি গুণ বা ত্রুটি হতে পারে না। এটা শুধুই সংখ্যা এবং সক্ষমতার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।’