মেজাজ হারিয়ে সংবাদ সম্মেলন ছেড়ে বেরিয়ে গেলেন রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুমের অ্যাওয়ে ম্যাচে গোল না পাওয়া ও বার্সার এমএসএন-ত্রয়ীর (মেসি-সুয়ারেজ-নেইমার) সঙ্গে বিবিসি-ত্রয়ীর (বেল-বেনজামা-ক্রিস্টিয়ানো) তুলনা করতেই এদিন ক্ষেপে গেলেন সিআর সেভেন।
লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের মধ্যে সম্পর্কটা ভালো। সেটাই কি রোনালদো, বেল ও করিম বেনজেমা ত্রয়ীর সঙ্গে পার্থক্য তৈরি করে দিচ্ছে- এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, 'আমি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলাম তখন পল স্কলস, রায়ান গিগস ও রিও ফার্ডিনান্ডের সঙ্গে গুড মর্নিং ও গুড নাইট ছাড়া কথা হতো না। কিন্তু মাঠে তো আমরা ভয়ংকর ছিলাম। কাউকে জড়িয়ে ধরা, চুমু দেওয়ার দরকার নেই। বেল ও বেনজেমার সাথে ডিনারে যাওয়ার বা তাদের আমার বাড়িতে দাওয়াত দেওয়ারও কিছু নেই। আমাদের মাঠের বোঝাপড়াটাই আসল।'
অ্যাওয়ে ম্যাচে গোল পাচ্ছেন না এমন প্রশ্নের উত্তরে আরও ক্ষেপে যান রোনালদো। তিনি বলেন, ‘আমি স্পেনে আসার পর কে আমার চেয়ে বেশি অ্যাওয়ে গোল করেছে? একজন খেলোয়াড়ের নাম বলুন যে আমার চেয়ে বেশি গোল করেছে। কোনো উত্তর নেই? ওকে, ধন্যবাদ।’ এরপরই সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান তিনি।
উল্লেখ্য ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫৩টি অ্যাওয়ে গোল করেছেন তিনি। তার প্রবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি করেছেন ১৩৭টি। যদি শুধু লা লিগা নিয়ে হিসেব করা হয় তবে সেখানেও মেসির (১০৩) চেয়ে এগিয়ে রয়েছেন রোনালদো (১০৬)।
/এমআর/