কাতার বিশ্বকাপের ফাইনালের পরই লিওনেল মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসর ঘোষণা করেননি। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেন তিনি, যা পূরণ হতে চলেছে চলতি মাসে।
গত ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে আগের আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতেছিল আর্জেন্টিনা। তাদের ৩৬ বছরের শিরোপা খরা ঘুচানোর পাশাপাশি মেসির একমাত্র আক্ষেপেরও অবসান ঘটে। এবার বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা নিয়ে তারা প্রথমবার মাঠে নামতে যাচ্ছে।
মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গেলো। বিশ্ব জয় উদযাপন করতে তারা খেলবে পানামা ও কুরাকাওয়ের বিপক্ষে। আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করে এই খবর জানানো হয়।
২৩ মার্চ আর্জেন্টিনা মনুমেন্টালে খেলবে পানার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ কুরাকাওয়ের বিপক্ষে। ৫ দিন পর ২৮ মার্চ ম্যাচটি হবে উত্তরের শহর সান্তিয়াগো দেল এস্তেরোতে। এখনও এই দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেননি কোচ লিওনেল স্কালোনি।