টানা দুটি ম্যাচে বার্সেলোনার কাছে হেরে গেলো রিয়াল মাদ্রিদ। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ ফাইনালের পর কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে জয়ী হলো কাতালান জায়ান্টরা। বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য দুই দলকেই দেখা গেছে অচেনা রূপে। বার্সা বল দখলে পিছিয়ে ছিল চোখে পড়ার মতো, লক্ষ্যে কোনো শট নিতে পারেনি রিয়াল। ম্যাচের পার্থক্য গড়ে দেয় এডার মিলিতাওয়ের আত্মঘাতী গোল।
ফ্রাঙ্ক কেসির শট রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া ঠেকালেও ফিরতি শট মিলিতাওয়ের পায়ে লেগে জালে জড়ায়। হেরে গেলেও কোর্তোয়া মনে করেন, বার্সার ওপর আধিপত্য বিস্তার করেছিল রিয়াল এবং এই হারকে দুর্ভাগ্যজনক বললেন তিনি, ‘আজ আমরা খেলায় আধিপত্য বিস্তার করেছিলাম।’
বার্সার রক্ষণাত্মক পারফরম্যান্স নিয়ে কোর্তোয়া বলেন, ‘বার্সা অনেক রক্ষণাত্মক ছিল। ওই গোলটি খাওয়া আমাদের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক ছিল। তারা বল পেলো, আমি সেভ করলাম এবং তা মিলিতাওয়ের পায়ে লেগে জালে জড়ালো। তারা এগিয়ে গিয়েছিল, যখন সেটা তাদের প্রাপ্য ছিল না। সুযোগ তৈরি করা আমাদের জন্য কঠিন ছিল। আমরা ভালো খেলেছিলাম, নিয়ন্ত্রণ নিয়েছিলাম। কিন্তু আমরা সুযোগই পাইনি, তারা ভালোভাবে প্রতিহত করেছে।’