দ্বিতীয়বার পেনাল্টি নেওয়ার বিষয়টি মেনে নিতে পারছে না ডর্টমুন্ড!

চ্যাম্পিয়নস লিগে যে পেনাল্টি গোলে বরুশিয়া ডর্টমুন্ডের ভাগ্যলিপি নির্ধারিত হয়েছে। সেই ঘটনাটি ক্ষোভের জন্ম দিয়েছে। কাই হাভের্তজ পেনাল্টি শট নিয়েছেন দুই দফায়। এই দু’বার পেনাল্টি নেওয়ার বিষয়টিকে মেনে নিতে পারছেন না ডর্টমুন্ড মিডফিল্ডার জুড বেলিংহাম। তার কাছে দ্বিতীয় দফায় পেনাল্টি নেওয়ার বিষয়টিকে তামাশা মনে হয়েছে।

শেষ ষোলোর প্রথম লেগটি ১-০ গোলে জিতে ডর্টমুন্ড এগিয়েছিল। চেলসি দ্বিতীয় লেগ ২-০ গোলে জেতায় শেষ পর্যন্ত ২-১ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। শুরুতে ৪৩ মিনিটে গোল করেন রাহিম স্টার্লিং। ৫৩ মিনিটে বরুশিয়া ডিফেন্ডার ওলফের হাতে বল লাগলে পেনাল্টি পায় তারা।

প্রথমে হাভের্তজের নেওয়া শট গিয়ে পোস্টে লেগেছিল। কিন্তু ভিএআর থেকে জানা যায়, শট নেওয়ার সময় বরুশিয়ার খেলোয়াড়রা ডি বক্সে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। তখন আবার নতুন করে নিতে বলা হয় স্পট কিক। দ্বিতীয় চেষ্টাতেই চেলসি তারকা জাল কাঁপিয়েছেন।  

পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বেলিংহাম বিটি স্পোর্টকে বলেছেন, ‘আমরা নিশ্চিত নই ওই মুহূর্তে তার হাতটাকে সে কীভাবে সামাল দিতে পারতো। এটা খুবই হতাশাজনক একটা বিষয় এবং প্রকৃত ঘটনাটি হলো তাদের আবার পেনাল্টি দ্বিতীয়বার নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এটা পুরোপুরি তামাশা।’

প্রথম পেনাল্টি যে যুক্তিতে বাতিল হয়েছে। তার ব্যাখ্যায় ডর্টমুন্ডের এই খেলোয়াড় বলেছেন, ‘প্রতিটি পেনাল্টি যেসব ক্ষেত্রে ধীরগতির দৌড় থাকে, তখন খেলোয়াড়রা বক্সের দিকে কিছুটা হলেও এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এখন রেফারি সিদ্ধান্ত দিয়েছে। আমাদের এটা নিয়েই বাঁচতে হবে।’