চ্যাম্পিয়ন্স লিগ দিয়েই সিটি অধ্যায় মূল্যায়ন হবে গার্দিওলার!

ম্যানচেস্টার সিটির হয়ে ৯টি মেজর শিরোপা জিতেছেন। কিন্তু যে শিরোপার জন্য ইংলিশ জায়ান্টরা এত বুভুক্ষু। ক্লাবটির হয়ে সেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাই যে পেপ গার্দিওলা জিততে পারেননি। বার্সেলোনার কোচ হয়ে দু’বার ইউরোপ সেরার শিরোপা জেতায় সিটি কোচ মনে করেন, সিটিতে তার অধ্যায় মূল্যায়ন করা হবে চ্যাম্পিয়ন্স লিগ সাফল্য দিয়ে।

অথচ ইউরোপ সেরা হওয়ার লক্ষ্যে তাদের প্রচুর অর্থ ব্যয় হয়েছে। তার পরেও ২০১৮ সাল থেকে কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছে টানা তিনবার। গতবার সেমিফাইনালে যেতে পারলেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। সেরা সাফল্য বলতে ২০২১ সালে রানার্স আপ। চ্যাম্পিয়নস লিগে আজ শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইতিহাদে তারা লিপজিগের মুখোমুখি হচ্ছে। প্রথম লেগ ১-১ ড্র করায় শেষ আটে যেতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই। পেপ গার্দিওলা জানেন, এই টুর্নামেন্ট তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস লিগকে কেন্দ্র করেই যে ক্লাবটিতে তার অধ্যায় মূল্যায়িত হবে এটা স্বীকার করেছেন তিনি, ‘হ্যাঁ, এই টুর্নামেন্ট দিয়েই আমার ম্যানসিটি অধ্যায় মূল্যায়ন করা হবে। তবে তার মানে এই নয় আমি বিষয়টার সঙ্গে একমত।’

গার্দিওলা সিটিতে চারটি প্রিমিয়ার লিগের সঙ্গে একটি এফএ কাপ, চারটি লিগ কাপের শিরোপা জিতেছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতা ইংলিশ ক্লাবটিতে তার সাফল্যকে পূর্ণতা দিতে পারছে না। তাই যে মাপকাঠিতে তাকে মূল্যায়ন করা হচ্ছে, সেটার পরিবর্তন হবে না বলেই মত তার, ‘‘আমার এখানে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচটা ছিল ২০১৬ সালে। তারা প্রশ্ন করেছিল, ‘আপনি এখানে চ্যাম্পিয়ন্স লিগ জিততে এসেছেন?’ যদি রিয়াল মাদ্রিদের কোচ হতাম, তাহলে বিষয়টা বুঝতাম। কিন্তু আমি সেটা গ্রহণ করেছি। যত সময় গেছে, মনে হয়েছে এটার কোনও পরিবর্তন হবে না।’’   

চ্যাম্পিয়ন্স লিগে সিটির মূল ভরসা আর্লিং হালান্ড। ৫ ম্যাচে  ৫টি গোল করেছেন। পুরো মৌসুমে ৩৪টি। তার পরেও সিটি কোচ মনে করেন, হালান্ডের উন্নতি করার জায়গা আছে, ‘শুধু বক্সে থেকে গোল করাটা পছন্দ করি না। তার পরেও এটার গুরুত্ব আছে। কিন্তু প্রতিপক্ষের বক্সের বাইরে তাকে আরও তৎপর হতে হবে।’