মানুষ মনে রাখবে কে জিতেছে: জামাল ভূঁইয়া

সেশেলসকে প্রথম ম্যাচে হারিয়ে অনেক দিন পর ঘরের মাঠে জিতেছে বাংলাদেশ। যদিও পারফরম্যান্সটা আত্মতৃপ্তিতে ভোগার মতো নয়। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর গোলে মূল্যবান জয় এলেও ম্যাচটিতে পুরোপুরি আধিপত্য দেখাতে পারেনি। তাই কালকের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছন্দময় ফুটবলে স্বাগতিক দর্শকদের মন ভরানো।

সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে যোগ দেন অধিনায়ক জামাল ভূঁইয়াও। সেখানেই অধিনায়ক জানালেন, কালকের ম্যাচকে গুরুত্বপূর্ণ ধরে তাদের মাঠে নামার পরিকল্পনার কথা। ম্যাচের আগে ৪৮ ঘণ্টা রিকোভারি সেশন গেছে। এই সময়ে নিজেদের ভুল-ত্রুটি ও রণ কৌশল নিয়েই চর্চা হয়েছে। যাতে অনেক দিন পর টানা দুটি ম্যাচ জয়ের সুযোগ হাতছাড়া না হয়।

ডেনমার্ক প্রবাসী জামালের কণ্ঠেও ফুটে উঠেছে জয়ের তীব্র আকাঙ্ক্ষার কথাই, ‘লম্বা সময় পর টানা দুটি ম্যাচ জেতার সুযোগ এসেছে। কালকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। সবাই জানে, আগের ম্যাচের চেয়ে আমরা ভালো করতে পারবো। সেটা মাঠেও করে দেখাতে চাই। কিন্তু দিন শেষে রেজাল্টই সব। আমরা খুব ভালো খেলতে পারি, আবার হারতেও পারি। মানুষ মনে রাখবে কে জিতছে। আগামীকালও জিততে চাই।’

সেশেলস ছেড়ে কথা বলে না, তা তাদের শরীরী ভাষায় প্রথম ম্যাচেই ফুটে উঠেছে। বাংলাদেশের জন্য শেষ ম্যাচটি যে আরও চ্যালেঞ্জিং হবে, সেটি নিশ্চিত জামাল, ‘আমি মনে করি কালকের ম্যাচ আরও চ্যালেঞ্জিং হবে। কারণ ওরাও জেতার লক্ষ্যেই খেলবে। ফুটবলে সবাই জিততে চায়। আমার মনে হয় ওরা আরও আক্রমণাত্মক হবে। ওরা যদি বেশি সামনে এসে খেলে, আমাদের প্রতি আক্রমণে যেতে হবে এবং এই সুযোগ কাজে লাগাতে হবে। আমি নিশ্চিত কাল বাংলাদেশের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কারণ, দক্ষিণ এশিয়ার অন্য দলগুলোর সঙ্গে তুলনা করলে ওরা শারীরীকভাবে অনেক শক্তিশালী।’

সেশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে আগে গোল করেও পরের অর্ধে লাল-সবুজ দলকে অনেকটা ব্যাকফুটে থাকতে হয়েছে। তবে সৌদি আরবে প্রস্তুতি ম্যাচে মালাবির বিপক্ষে তারা যেভাবে খেলেছে, সেভাবেই লড়তে চাইছে কাল। জামালের কথা, ‘টিম মিটিংয়ে সবাই বলেছি, মালাবির সঙ্গে যেরকম খেলছি, সেরকম পারফরম করতে। সেশেলসের বিপক্ষে প্রথমার্ধ নিয়ন্ত্রণে রেখেছিলাম, দ্বিতীয়ার্ধে পারিনি। ফুটবলে যখন আপনি গোল করবেন, অনেক সময় পেছনে চলে আসতে হয় এবং প্রতিপক্ষকে আরও জায়গা ছেড়ে দিতে হয়। আমি মনে করি, প্রথম ম্যাচে গোল করার পর এমনটা হয়েছে। আশা করি, কালকের ম্যাচে এই সমস্যা দূর করবো। আমরা আক্রমণাত্মক খেলবো।’