ব্রাজিলকে টপকে র‌্যাঙ্কিং সেরা আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেছনে ফেলে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। কাতারে বিশ্বকাপ জেতার আড়াই মাস পর এক নম্বরে উঠেছে আলবিসেলেস্তেরা। ছয় বছর পর প্রথমবার র‌্যাঙ্কিংয়ের সেরা হলো তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

পানামা ও কুরাসাওর বিপক্ষে প্রীতি ম্যাচ জয়ের পর আজেন্টিনার পয়েন্ট ১৮৪০.৯৩। মরক্কোর কাছে হেরে ব্রাজিলের প্রাপ্তি ১৮৩৪.২১ পয়েন্ট। এমনকি তারা নেমে গেছে তিনে। ইউরো বাছাইয়ে নেদারল্যান্ডস ও রিপাবলিক অব আয়ারল্যান্ডকে হারিয়ে দুইয়ে উঠেছে গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স।

বেলজিয়াম ও ইংল্যান্ড সেরা পাঁচে থাকা বাকি দুটি দল। এরপর আছে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন। সেরা দশে প্রথম তিনটি স্থান ছাড়া আর কোনও পরিবর্তন নেই।

এদিকে সেশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে একটি করে জয় ও পরাজয়ের পরও বাংলাদেশ আগের মতো ১৯২ নম্বরে আছে।