বসুন্ধরাকে রুখে দিয়ে কাঁদলেন উত্তরার ফুটবলাররা!

প্রিমিয়ার লিগে তলানির দল এফসি উত্তরা আজমপুর। তাদের বিপক্ষে শক্তিশালী বসুন্ধরা কিংসের অনায়াস জয়টা অনুমিতই ছিল। এক গোলে এগিয়ে থেকে জয়ের সুবাসও পাচ্ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ মিনিট পর্যন্তও তারা ভাবেনি সামনে কী চমক অপেক্ষা করছে! গোল শোধ দিয়ে বসুন্ধরাকে জয় বঞ্চিত করেছেন সাকিব বেপারি। চমক জাগানিয়া ফলাফলের পর তো উত্তরার খেলোয়াড়রা আনন্দেই কেঁদে ফেলেছেন। প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে তারা বসুন্ধরাকে ১-১ গোলে রুখে দিয়েছে।

শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বসুন্ধরা আক্রমণে এগিয়ে ছিল।

নবম মিনিটে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ইয়াসিন আরাফাত। মিগেল ফিগেইরার কর্নারে গোলমুখে ফাঁকায় থাকা ইয়াসিন বলে পা ছোঁয়াতে পারেননি। পা লাগাতে পারলেই গোল পেতে পারতেন তিনি।

২৫ মিনিটে আরেকটি সুযোগ আসে কিংসের। ডান প্রান্ত থেকে রবিনহোর কাট ব্যাক ক্লিয়ার করতে শট নেন বাবু। কিন্তু তার শট ঠিকমতো পায়ে না লাগায় সেটি সাইড পোস্টে লেগে চলে যায় বাইরে।

৩৬ মিনিটে রাজিবের দারুণ প্রচেষ্টায় গোল হজম থেকে রক্ষা পায় এফসি উত্তরা। রবিনহোর তুলে দেওয়া বলে মিগেলের হেড ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে বাইরে ঠেলে দেন রাজিব।

অবশেষে ৫৭ মিনিটে স্পট কিকে কিংসকে এগিয়ে নিয়েছেন রবসন রবিনহো। এর আগে বক্সের ভেতর দোরিয়েল্তনকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি সাইমন সানী। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের লিগে এটি পঞ্চম গোল।

শেষ দিকে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের ভুলে সাকিব বেপারি ফাঁকায় বল পেয়ে আগুয়ান গোলকিপার আনিসুর রহমান জিকোকে কাটিয়ে লক্ষ্যভেদ করে দলকে আনন্দে ভাসিয়েছেন। অপ্রত্যাশিত গোলের পর ম্যাচশেষে দলের অনেকেই পয়েন্ট ছিনিয়ে নেওয়ার আনন্দে কেঁদে ফেলেন।

বসুন্ধরা ১১ ম্যাচে প্রথম ড্রতে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে তৃতীয় ড্রতে ৩ পয়েন্ট নিয়ে তলানিতেই আছে এফসি উত্তরা।