শিরোপার কাছে থেকেও কেন ক্ষুব্ধ জাভি?

২০১৯ সালের পর প্রথম লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সেলোনা। লিগে দারুণভাবে ঘুরে দাঁড়ানোয় অবশ্যই কৃতিত্ব প্রাপ্য তাদের। কিন্তু সেটি যথার্থভাবে হচ্ছে না বলে তা ক্ষুব্ধ করছে কোচ জাভি হার্নান্দেসকে।

অবশ্য লিগে দুর্দান্তভাবে পারফর্ম করলেও অন্যান্য প্রতিযোগিতায় তারা হুমড়ি খেয়ে পড়েছে বাজেভাবে। গত সপ্তাহেই যেমন কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে। তবে স্প্যানিশ লিগে বার্সার আধিপত্যকে চোখ এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ জাভির, ‘টিভিতে একটি প্রোগ্রাম দেখেছি। সেখানে বলা হচ্ছে এবারের লিগ শিরোপা জয় সাম্প্রতিক সময়ে সবচেয়ে সস্তা হতে যাচ্ছে। এই ধরনের মূল্যায়ন একই সঙ্গে আমাকে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। কারণ আমরা মেসি পরবর্তী যুগে আছি। সেই জায়গায় সর্বোচ্চ চেষ্টা করেছি। বিষয়টা একেবারে আমার ভালো লাগেনি। কিন্তু সেসবে তো আমাদের নিয়ন্ত্রণ নেই।’

লিগে বলা যায় শিরোপায় এক হাত দিয়েই রেখেছে বার্সেলোনা। সর্বশেষ ম্যাচে জিরোনার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে। ২৮ ম্যাচে ১৩ পয়েন্টের ব্যবধান রেখে তারা ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদ ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। জাভি মনে করেন, বার্সাকে তার পরেও প্রাপ্য কৃতিত্বটা দেওয়া হয় না, ‘লা লিগা জিতলে আমরা অবশ্যই শিরোপা উৎসব করবো। কিন্তু অনেকের অনুভূতিটা এমন যে বার্সা জিতলে সেটার কৃতিত্ব দিতে চাইবে না। তবে আমাদের কাছে এর গুরুত্ব অনেক।’