ইন্দোনেশিয়ার আয়োজক মর্যাদা বাতিলের পর ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ভেন্যু হিসেবে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখা হচ্ছিল। অবশেষে তা চূড়ান্ত হলো। এই বছরের বয়সভিত্তিক টুর্নামেন্টের আয়োজক হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনাকে নিশ্চিত করেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আগামী ২১ এপ্রিল জুরিখে হবে অফিসিয়াল ড্র। ২০ মে থেকে ১১ জুন চলবে এই টুর্নামেন্ট। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘একটি দেশ যাদের নিশ্বাসে ফুটবল, যারা ফুটবল নিয়েই বাঁচে, তারা কালকের তারকাদের জন্য হতে যাচ্ছে বিশাল অনুপ্রেরণা। ফিফা কাউন্সিলের ব্যুরো আর্জেন্টিনাকে ২০২৩ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক হিসেবে নিশ্চিত করছে।’
ছয় গ্রুপে চারটি করে দল লড়াই করবে। বাছাই পর্ব উতরাতে না পারলেও আয়োজক হিসেবে এই আসরে অংশ নিচ্ছে আর্জেন্টিনা। এই টুর্নামেন্টের ইতিহাসে ছয়টি শিরোপা জিতে তারাই সবচেয়ে সফল দল। সবশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
ইসরায়েলকে আতিথ্য দিতে না চাওয়ায় এই বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব হারিয়েছে ইন্দোনেশিয়া। ফিফার কাছে মনে হয়েছে, ইন্দোনেশিয়ার এক কর্মকর্তা উদ্ভুত সংকট নিয়ে যা বলেছেন, সেটি মূলত টুর্নামেন্ট আয়োজনে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার শামিল।
ঘটনাটি ঘটে ড্র অনুষ্ঠান বাতিলের পর। ইন্দোনেশিয়ার ফুটবল ফেডারেশন জানায়, সেখানকার হিন্দু অধ্যুষিত দ্বীপ বালির গভর্নর ইসরায়েল দলকে আতিথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কাতেই ইন্দোনেশিয়ার ফুটবল ফেডারেশন ড্র অনুষ্ঠান বাতিলের কথা ফিফাকে জানায়।