ম্যাচের বয়স তখন ৫৮ মিনিট। চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগটা তখনও গোলশূন্য। ওই মিনিটেই রিয়াল মাদ্রিদ ১-০ গোলে এগিয়ে যায় রদ্রিগোর গোলে। গোলের চেয়েও সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ব্রাজিলিয়ান তারকার রোনালদোর ট্রেডমার্ক ‘সিউ’ ভঙ্গিতে গোল উদযাপন!
চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগটা ২-০ গোলে জিততে অবদান ছিল রদ্রিগোর। জোড়া গোল করেছেন। ৫৮ মিনিটের পর ৮০ মিনিটে দ্বিতীয় গোলটি করে সেমিফাইনাল নিশ্চিত করতে অবদান রেখেছেন।
সাধারণত হাঁটু গেড়ে স্লাইড করেই গোল উদযাপন করে থাকেন তিনি। কিন্তু গতকাল সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর অনুকরণ করতে দেখা গেলো তাকে।
ম্যাচের পর অবশ্য এর ব্যাখ্যা দিয়েছেন রদ্রিগো, ‘তখন দুই হাঁটু দিয়ে স্লাইড করে উদযাপন করতে চেয়েছিলাম। কিন্তু হাঁটু কিছুটা ফুলে থাকায় সেটি করা যাচ্ছিল না। তাৎক্ষণিকভাবে মনে পড়লো আমার আদর্শ ক্রিস্তিয়ানো রোনালদোর উদযাপনের কথা। তখনই এমনটা হয়ে গেলো।’
দ্বিতীয় লেগে মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ম্যাচের পর ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় নিজের দারুণ ফর্মেরও ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘কীভাবে ব্যাখ্যা করবো জানি না। তবে সব সময়ই বলি এই প্রতিযোগিতা আমার জন্য স্পেশাল। যখনই খেলেছি, চেষ্টা করেছি কিছু করে দলকে সাহায্য করতে। বলতে পারেন আমি আনন্দিত। আশা করছি, এভাবেই খেলে যাবো, গোল করবো, অ্যাসিস্ট করবো এবং আবারও চ্যাম্পিয়নস লিগ জিতবো।।’