ফ্রেব্রুয়ারিতে কারাবাও কাপ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপ ও ইউরোপা লিগেও তারা শিরোপার দৌড়ে ছিল। কিন্তু বৃহস্পতিবার সেভিয়ার কাছে ৩-০ গোলে শোচনীয় পরাজয়ে ট্রেবল জয়ের আশা শেষ তাদের। ইউরোপা লিগে টানা ষষ্ঠবার কোনও স্প্যানিশ প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিলো ইউনাইটেড। এরিক টেন হ্যাগের দল আগামী রবিবার ব্রাইটনের বিপক্ষে ওয়েম্বলিতে এফএ কাপ সেমিফাইনালের প্রস্তুতি নেবে।
টেন হ্যাগ ম্যাচ শেষে বললেন, ‘আমাদের আরও ভালো করতে হবে, সেটাই প্রয়োজন। আমরা ছন্দে ছিলাম না। ছোট ছোট ক্ষেত্রে আমরা হেরেছি। তাদের অনেক বেশি আকাঙ্ক্ষা ও ইচ্ছা ছিল। দোষ আমাদেরই। যা চলে যাওয়ার গেছে, আমরা এটাকে পাল্টাতে পারবো না।’
ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম লেগে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে কোয়ার্টার ফাইনাল একপেশে করতে তৃতীয় গোলের খোঁজে ছিল ম্যানইউ। তাদের বিদায়ের শঙ্কা একটুর জন্যও উঁকি দেয়নি। কিন্তু ঘরের মাঠে শেষ দিকে দুটি গোল খায় তারা এবং ইনজুরিতে প্রথম সারির সেন্টার ব্যাক রাফায়েল ভারানে ও লিসান্দ্রো মার্তিনেসকে হারায় তারা। মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসও পড়েন নিষেধাজ্ঞায়।
এই তিনজনের অনুপস্থিতি সেভিয়ার মাঠে ভোগায় ইউনাইটেডকে। অন্যদিকে স্বাগতিক দর্শকদের উৎসাহে জ্বলে ওঠে সেভিয়া। ১০ মিনিটের মধ্যে এগিয়ে যায় তারা।
প্রথম লেগের আত্মঘাতী গোল করা হ্যারি মাগুইরে ডেভিড ডি গিয়ার কাছ থেকে ব্যাক পাস ধরেন, কিন্তু তিনি চাপের মুখে সরাসরি পাস দেন সেভিয়া ফরোয়ার্ড এরিক লামেলাকে। তার কাছ থেকে বল পান এন নেসিরি, সহজেই ইউনাইটেড কিপারকে পরাস্ত করেন তিনি।
সেভিয়া অসংখ্য সুযোগ নষ্ট করে এবং বিরতির আগে লুকাস ওকাম্পোসের একটি গোল ভিএআরে দেখে অফসাইডের কারণে বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে মার্কাস র্যাশফোর্ড ও লুক শকে বদলি নামান টেন হ্যাগ। তাতে ভাগ্য পাল্টায়নি। বিরতির পর ইভান রাকিতিচের কর্নার থেকে উঁচুতে লাফিয়ে হেড করেন সেভিয়া ডিফেন্ডার বালদে, বল ক্রসবারে লেগে জালে জড়ায়।
এন নেসিরি ৮১তম মিনিটে জয় সুনিশ্চিত করে ফেলেন। মাঝমাঠ থেকে প্রতিপক্ষ দলের দূল পাল্লার শট বক্সের বাইরে এসে ঠেকান ডি গিয়া, তার দুর্বল প্রতিরোধ থেকে বল পেয়ে কোনাকুনি শটে তৃতীয় গোল করেন মরক্কোর স্ট্রাইকার।
রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন ৯ বছরে পঞ্চম শিরোপার খোঁজে রয়েছে। ৫-২ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে তারা, যেখানে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। আগামী ১১ মে প্রতিপক্ষের মাঠে খেলবে সেভিয়া। আরেক সেমিফাইনালে প্রতিপক্ষ বায়ার লেভারকুসেন ও রোমা।