কষ্ট করে জিতলেও শিরোপার আরও কাছে বার্সা

২৬ মিনিটেই দশ জনের দলে পরিণত হয় ওসাসুনা। তার পরেও শিরোপার পথে এগিয়ে যাওয়া বার্সেলোনাকে তারা দীর্ঘ সময় আটকে রাখতে পেরেছিল। কিন্তু ৮৫ মিনিটে বার্সাকে একমাত্র গোলে তিন পয়েন্ট এনে দিয়েছেন বদলি হয়ে নামা ডিফেন্ডার জর্ডি আলবা। লা লিগায় ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে কাতালানা জায়ান্টরা শিরোপার আরও কাছে এগিয়ে গেছে।

এই জয়ের পর শিরোপা জিততে শেষ ৫ ম্যাচে আর ৫ পয়েন্ট প্রয়োজন বার্সেলোনার। ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পয়েন্ট ব্যবধানে এগিয়ে ১৪ পয়েন্টে।  

পেদ্রির ওপর ফাউল করায় আধা ঘণ্টার মাঝেই লাল কার্ড দেখেন ওসাসুনার হোর্হে হেরান্দো। তার পরেও দলটির রক্ষণ ছিল গোছানো। তাতে দীর্ঘক্ষণ বার্সাকে হতাশায় ভুগিয়েছে ওসাসুনা। সুযোগ মিস করেছেন পেদ্রি, রোনাল্ড আরাহো ও বদলি তারকা ওসমান দেম্বেলে। ফ্রি কিকে গোলের প্রায় কাছেই চলে গিয়েছিলেন রাফিনহা। ফ্রাঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতির প্রচেষ্টাও রুখে দিয়েছেন প্রতিপক্ষ গোলরক্ষক। ওসাসুনাও ছেড়ে দেওয়ার দল ছিল না। 

৮৫ মিনিটে লেভানডোভস্কির ক্রস পেয়ে ফ্রেঙ্কি ডি ইয়ং হালকা হেড করেছিলেন। তার পর বাম পায়ের শটে জাল কাঁপিয়েছেন আলবা। ৭৯ মিনিটে অবশ্য জাল কাঁপিয়েছিলেন লেভানডোভস্কি। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল হয়ে গেছে তা।