বার্সেলোনাও জানালো, চলে যাচ্ছেন বুসকেটস

বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি ও সার্জিও বুসকেটস সৌদি আরবের ক্লাবে একত্রিত হচ্ছেন, কদিন ধরেই চলছিল এমন গুঞ্জন। পিএসজির সঙ্গে জুনে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। চলতি মৌসুম শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। কিন্তু বুসকেটসের বিদায়ের খবর নিশ্চিত করলো তার ক্লাব বার্সেলোনা। এই মৌসুম শেষে আর ন্যু ক্যাম্পে থাকছেন না স্প্যানিশ মিডফিল্ডার।

বার্সার মাঝমাঠের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় এখন ৩৪ বছর বয়সী বুসকেটস। কাতালান জায়ান্টদের অধিনায়কও তিনি। বুধবার সকালে এক ঘোষণায় ক্লাবটি জানালো, এই মৌসুমে চলে যাচ্ছেন তাদের তারকা মিডফিল্ডার। 

ক্লাবের ওয়েবসাইটে বুসকেটস বলেছেন, ‘এটা ছিল সম্মানের। এই ব্যাজ পরা গর্বের। কিন্তু সবকিছুর শেষ হতেই হয়। সিদ্ধান্তটা সহজ ছিল না। কিন্তু সময় চলে এসেছে। সবাইকে ধন্যবাদ যারা এই যাত্রায় আমাকে সঙ্গ দিয়েছেন, (ক্লাবের) সদস্য ও ভক্তদেরও।’

বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৭১৯ ম্যাচ খেলেছেন বুসকেটস। তার ওপরে কেবল সাবেক দুই সতীর্থ মেসি ও জাভি। কদিন বাদে এস্পানিওলকে হারাতে পারলে লা লিগা জিতবে বার্সা, যেটা হবে বুসকেটসের ৩২তম মেজর ট্রফি। আগামী ২৮ মে মায়োর্কার বিপক্ষে ন্যু ক্যাম্পে শেষ ম্যাচ খেলবেন তিনি। আর ৪ জুন সেল্টা ভিগোকে খেলে ইতি টানবেন বার্সেলোনা অধ্যায়ের।