প্রায় ২০ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগে সেমির মঞ্চে মুখোমুখি ইন্টার মিলান-এসি মিলান। সর্বশেষ ২০০৪-০৫ মৌসুমে একই শহরের দুই ক্লাব কোয়ার্টার ফাইনাল খেলেছিল। আজ রাতে খেলছে সেমিফাইনাল। তাতে মিলান ডার্বিতে উত্তেজনা নতুন উচ্চতা ছুঁয়েছে। দীর্ঘদিন পর হওয়ায় ম্যাচটির টিকিটের জন্য আবেদন পড়েছে ২০ লাখের মতো!
ইতালিয়ান পত্রিকা লা রিপাবলিকা বলেছে, প্রথম লেগের জন্য টিকিটের চাহিদা এতই বেশি যে তাতে সান সিরো স্টেডিয়াম ২৬বার পূরণ করা যাবে।
একই শহরের দুই ক্লাব হলেও তারা খেলে থাকে এক মাঠ-সান সিরোয়। আর সেই শহরের জনসংখ্যাও মাত্র ১৩ লাখ! এই তুলনাতেই বোঝা যাচ্ছে এই একটি ম্যাচের চাহিদা কতখানি।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় দল দুটি মুখোমুখি হচ্ছে পঞ্চমবার। যেখানে আগের ৪ ম্যাচেই অপরাজেয় থাকার রেকর্ড এসি মিলানের। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১৬ মে।
অবশ্য যেই জিতুক তাতে ইতালিয়ান ফুটবলে দীর্ঘদিনের আক্ষেপ মেটার কথা। কারণ ২০০৯-১০ মৌসুমে ইন্টার মিলানের চ্যাম্পিয়নস লিগ জয়ের পর সাফল্য পায়নি সেখানকার আর কোনও দল।