দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর আশা এসি মিলানের

চ্যাম্পিয়নস লিগে মিলান ডার্বিতে দেখা গেছে ইন্টারের আধিপত্য। সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হারলেও হাল ছেড়ে দিচ্ছেন না এসি মিলান কোচ স্তেফানো পিউলি। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর আশা তার।

ম্যাচের পর পিউলির প্রতিক্রিয়া, ‘আমরা ভালো করেই জানি ইন্টার কতটা শক্তিশালী। তবে আমরাও কিন্তু কম নই। পরবর্তী লেগটা দুই দলের জন্যই কঠিন হতে যাচ্ছে। যেহেতু ফাইনাল নিশ্চিতের শেষ সুযোগ।’

ম্যাচ শুরুর প্রথম ১১ মিনিটে ম্যাচের দখল নিয়ে নেয় ইন্টার। দুটি গোল পায় এডিন জেকো ও হেনরিখ মেখিতারিয়ানের কল্যাণে। তার পর আর ব্যবধানে হেরফের ঘটাতে পারেনি মিলান। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে বেশ কয়েকবার সুযোগ পেলেও হতাশাই সঙ্গী হয়েছে তাদের। মিলান কোচ নিজেও স্বীকার করেছেন, ‘ওদের কঠিন পরিস্থিতিতে ফেলার সুযোগ ছিল। আর সেটা হলো গোল করা। এখন আমরা কঠিন পরিস্থিতিতে যেহেতু পড়েই গেছি। তাই ঘুরে দাঁড়াতে সর্বশক্তি নিয়োগ করতে হবে। হয়তো কঠিন কিন্তু অসম্ভব নয়।’

অবশ্য ডার্বিতে মিলানের দুর্ভাগ্য যে মূল ফরোয়ার্ড রাফায়েল লিয়াওকে তারা চোটের কারণে পায়নি। তাতে শুরুর ১১ মিনিটেই পিছিয়ে পড়াটা যে চাপ হয়ে ধরা দেয় সেটি স্বীকার করেছেন মিলান ডিফেন্ডার ফিকায়ো তোমোরি, ‘সত্যিই হতাশ। যেভাবে শুরুটা হয়েছে, বিশেষ করে ১১ মিনিটে দুই গোল হজম করা। এরকম পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো কঠিন। তাতে ম্যাচে ফিরে আসতে আমাদের সময় লেগেছে। আর এমন ম্যাচে কিছু করতে না পারলে দলের মধ্যে উদ্বেগ কাজ করে।’