নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে সেমিফাইনালে ৩-০ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। বুধবার সান সিরোতে ১-০ তে জিততে একমাত্র গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী লাউতারো মার্তিনেজ। ওই সাফল্যের ছয় মাস না যেতেই এবার তার সামনে ইউরোপ সেরা হওয়ার সুযোগ। ইন্টারের অধিনায়ক বললেন, কাতারের জয়ে তিনি বুঝতে পেরেছেন একতার গুরুত্ব এবং সেই অনুপ্রেরণা কাজে লাগিয়ে ইউরোপিয়ান মঞ্চের ফাইনালে সিরি আ জায়ান্টরা।
গত ডিসেম্বরে লিওনেল মেসির নেতৃত্বে তরুণ একটি দল নিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জেতে আর্জেন্টিনা। ওই দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন মার্তিনেজ। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে গোলও করেন তিনি। পুরোটা সময় জুড়ে দলের সঙ্গে থেকে যে শিক্ষা পেয়েছেন, সেটাই কাজে লাগালেন সেমিফাইনালে। স্কাই স্পোর্ট ইতালিয়াকে মার্তিনেজ বলেছেন, “ম্যাচের আগে আমি ছেলেদের বললাম: ‘আমরা দারুণ করেছি।’ দলের একতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি বিশ্বকাপে এটা দেখেছি।”
আর্জেন্টাইন ফরোয়ার্ড আরও বলেন, ‘যদি গ্রুপ ঐক্যবদ্ধ হয় এবং একই নির্দেশনায় চলে, সবকিছু সহজ হয়ে যায়। আজ রাতে যোগ্য দল হিসেবে জিতেছে ইন্টার। আমরা সবসময় উন্নতির জন্য কাজ করি এবং আমি আমার সেরাটা দিতে চাই। বিশ্বকাপের পর, আমরা জানতাম আমাদের ফাইনালে ওঠার আরেকটি সুযোগ এবং এখন আমরা সেখানে। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, এটা হবে শেষ ম্যাচ। আমরা সেখানে পৌঁছে গেছি এবং যতটা সম্ভব দারুণ একটি দল হিসেবে খেলতে চাই।’
আগামী ১০ জুন ইস্তানবুলে ফাইনাল। ইন্টার ১৩ বছর পর ফাইনালে উঠে কঠিন পরীক্ষার সামনে, তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে বুধবার মুখোমুখি হচ্ছে ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদ। দুই দলই ১-১ গোলে প্রথম লেগে ড্র করেছে।