লিগ ওয়ানে রেকর্ড ১১তম শিরোপার আরও কাছে চলে এসেছে পিএসজি। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ফরাসি জায়ান্টরা অক্সেরকে ২-১ গোলে হারিয়েছে।
প্রথম ৮ মিনিটে দলের আধিপত্য নিশ্চিত করেন এমবাপ্পে। ৬ আর ৮ মিনিটে করেছেন জোড়া গোল। যা তার মৌসুমের ২৮তমও। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটে একটি গোল শোধ দেয় অক্সের সিনায়োকো। তার পর অবশ্য ম্যাচের গতিপ্রকৃতি পাল্টাতে পারেনি তারা।
৬ মিনিটে ডান পায়ের শটে জাল কাঁপান এমবাপ্পে। দ্বিতীয় গোলটি অবশ্য বানিয়ে দিয়েছিলেন মেসি। এমবাপ্পে তার বাড়িয়ে দেওয়া বলে স্কোর ২-০ করেছেন।
এই জয়ের পর আনুষ্ঠানিকভাবে শিরোপা নিশ্চিত করতে পরের ম্যাচে ড্র করলেই হবে পিএসজির। ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লঁসে। তারা ৬ পয়েন্টে পিছিয়ে আছে। লিগের এখনও দুই ম্যাচ বাকি।
অবশ্য এই ম্যাচের জয় দিয়েই শিরোপা উদযাপন করতে পারতো পিএসজি। সেটি হয়নি লরিয়েঁর বিপক্ষে লঁসের ৩-১ গোলের জয়ে। তাতে এমবাপ্পেদের আরও এক সপ্তাহ অপেক্ষায় থাকতে হচ্ছে। অবশ্য দুইয়ে থাকা লঁসের চেয়ে ১৬ গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট সমান হলেও পিএসজির শিরোপা নিশ্চিত।