চেলসির বিপক্ষে ৪-১ গোলের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের সেরা চারে থেকে আগামী চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী ৩ জুন এফএ কাপ ফাইনালে চোখ তাদের। কিন্তু তার আগে অ্যান্টনি ও লুক শর ইনজুরিতে ম্যানইউর কপালে দুশ্চিন্তার ভাঁজ।
গোড়ালির ইনজুরিতে প্রথমার্ধে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন অ্যান্টনি। হাফ টাইমে বদলি করা হয় শকে। ম্যানসিটির বিপক্ষে ফাইনালে দুজনই মূল একাদশে জায়গা পেতেন। কিন্তু চোটের কারণে ওয়েম্বলিতে তাদের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৯তম মিনিটে চেলসি ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহর চ্যালেঞ্জে চোট নিয়ে ব্যথায় কাতরাতে থাকেন অ্যান্টনি। স্ট্রেচারে করে নেওয়ার সময় মুখ ঢেকে রাখেন। লকার রুমে নেওয়ার আগে তাকে সান্ত্বনা দেন কোচ এরিক টেন হ্যাগ।
কোচ ম্যাচ শেষে দুঃসংবাদ দিলেন, ‘সবাই দেখেছেন সে (অ্যান্টনি) মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। আমি আপনাদের বলতে পারি, এটা গুরুতর। কিন্তু আপনাদের অন্তত ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে, তারপর আমরা জানতে পারবো তার ইনজুরির অবস্থা।’