স্পেনে বর্ণবাদের অবসান নিয়ে ‘আশাবাদী নন’ গার্দিওলা

গত রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের খেলায় বর্ণবাদী মন্তব্যের শিকার হন ভিনিসিয়ুস জুনিয়র। সবশেষ ঘটনাটি সারা বিশ্বে আলোড়ন তুলেছে। স্পেনও বর্ণবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে তিনজনকে, শাস্তি পেয়েছে ক্লাব এবং নিষিদ্ধ করা হয়েছে মেস্তায়া স্টেডিয়ামের আংশিক অংশ। কিন্তু স্পেনে বর্ণবাদের অবসান নিয়ে আশাবাদী নন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা।

ভিনিসিয়ুসকে নিয়ে সবশেষ বর্ণবাদী আচরণের পর এই বিষয়টি নিয়ে সারা বিশ্বে চলছে তোলপাড়। দেশটির সংস্কৃতি নিয়েও প্রশ্ন উঠেছে। ফিফা প্রেসিডেন্টও উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টানোর প্রত্যাশা করেন না এক সময় খেলোয়াড় ও কোচ হিসেবে লা লিগায় সময় কাটানো গার্দিওলা।

বার্সেলোনার সাবেক কোচ বলেছেন, ‘অবশ্যই বর্ণবাদের সমস্যা সব জায়গাতে আছে, শুধু একটি জায়গায় নয়। সব জায়গায় আমরা মনে করি আমাদের প্রতিবেশীর চেয়ে আমরা বেশি ভালো, অন্যের চেয়ে আমরা অনেক এগিয়ে। সমস্যা হলো প্রতিটি ক্ষেত্রে বর্ণবাদ আছে। শুধু লিঙ্গ নয়, বর্ণ, দৃষ্টিভঙ্গিতেও এটি বিদ্যমান। আমরা বিশ্বাস করি আমাদের ভাষা অন্যদের চেয়ে ভালো, আমাদের দেশ অন্যদের থেকে এগিয়ে।’

নিজ দেশের এই পরিস্থিতি কতটা পাল্টাবে, প্রশ্ন গার্দিওলার, ‘বৈচিত্রগুলোকে শক্তি হিসেবে গ্রহণ করতে হবে আমাদের, কিন্তু আমরা সেটা থেকে অনেক দূরে। আশা করি স্পেনে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। কিন্তু আমি আশাবাদী নই। আমি দেশটা সম্পর্কে জানি এবং আমি আশাবাদী না। সেখানে অনেক কৃষ্ণাঙ্গ নিজেদের রক্ষায় সামনে এগিয়ে আসছে যেটা তাদের করার কথা ছিল না। আশা করি বিচারব্যবস্থা এটা করতে সাহায্য করবে। কিন্তু স্পেনে কি আসলেই পরিবর্তন হতে যাচ্ছে?’

স্পেনে বর্ণবাদ নিরসনে প্রিমিয়ার লিগের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানালেন গার্দিওলা। আশির দশকের অন্ধকার দিনগুলো অনেকটাই কাটিয়ে উঠেছে ইংলিশ ফুটবল। গার্দিওলা বলেন, ‘এখানে তারা অনেক কঠোর, তারা জানে কী করতে হবে। তাদেরও (স্পেন) এমনটা করা উচিত।’