ইনজুরি জর্জর এক মৌসুম কাটালেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার অ্যান্থনি মার্সিয়াল। সব প্রতিযোগিতায় মাত্র ২৯ ম্যাচ খেলেছেন, করেছেন ৯ গোল। সবশেষ ইনজুরিতে তিনি এফএ কাপ ফাইনাল থেকে ছিটকে গেলেন।
আগামী শনিবার ম্যানসিটির বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে ম্যানইউ। ইনজুরিতে এরই মধ্যে এই মহারণে তারা পাবে না লিসান্দ্রো মার্তিনেজ, ডনি ফন বিক ও মার্সেল স্যাবিটাইজারকে। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন মার্সিয়াল।
ফুলহ্যামের বিপক্ষে গত রবিবার দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ ২৩ মিনিট খেলেন মার্সিয়াল। ওই ম্যাচেই পান হ্যামস্ট্রিংয়ের ইনজুরি। খেলা শেষে ইউনাইটেড মেডিক্যাল স্টাফরা সোমবার তার চোট পরীক্ষা করে এবং মঙ্গলবার জানায়, পেশি ছিঁড়ে গেছে। ২৭ বছর বয়সী ফরোয়ার্ড থাকছেন না এরিক টেন হ্যাগের স্কোয়াডে।
তবে ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনিকে নিয়ে সুখবর পেয়েছে ম্যানসিটি। গত সপ্তাহে চেলসির বিপক্ষে ৪-১ গোলের জয়ের ম্যাচে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। শুরুতে গোড়ালির ইনজুরির অবস্থা যতটা গুরুতর মনে করা হয়েছিল, ততটা নয়। ফিট আছেন তিনি, খেলতে পারবেন সিটির বিপক্ষে।