ম্যানসিটির ট্রেবল জয়ের স্বপ্নে বাধা হতে পারবে ম্যানইউ? 

১৯৯৯ সালে মে মাসের ১০ দিন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য অবিশ্বাস্য। স্যার অ্যালেক্স ফার্গুসনের দল জিতেছিল প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ। এরপর থেকে ইংলিশ ফুটবলে আর কোনও দল ট্রেবল জয়ের কীর্তি গড়তে পারেনি। ২৩ বছর ধরে বিরল এক কীর্তি নিজেদের দখলে রাখার পর এবার সেটা হারানোর ঝুঁকিতে ইউনাইটেড। তাদেরই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ‘ত্রিমুকুট’ জয়ের স্বপ্ন ভালোভাবে দেখছে, চাই আর দুই ম্যাচ জয়। 

এরই মধ্যে হ্যাটট্রিক প্রিমিয়ার লিগ জিতেছে পেপ গার্দিওলার দল, ১০ জুন ইস্তানবুলে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। শনিবার রাতে ওয়েম্বলিতে এফএ কাপ জিতে ট্রেবল জয়ের পথে বড় ধাপ ফেলতে চায় সিটিজেনরা। কিন্তু এই বিরল কীর্তি দখলে রাখার সুযোগ যখন নিজেদের হাতে, তখন সর্বোচ্চটাই দিতে চাইবে ম্যানইউ।

শনিবার রাতে আগুন বারুদে লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে মুখোমুখি হচ্ছে দুই নগরপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েম্বলিতে হবে এই ম্যাচ, সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২ ও সনি টেন ৫। দুই দলের ম্যাচ এতটাই রোমাঞ্চ ছড়াচ্ছে যে ট্রেন ধর্মঘট সত্ত্বেও বিকল্প উপায়ে ম্যানচেস্টার থেকে লন্ডনে পাড়ি দেবেন প্রায় লাখখানেক ভক্ত-সমর্থকরা। 

গণমাধ্যমে উঠে আসছে, ট্রেবল জয়ের কৃতিত্ব রক্ষা করতেই ম্যানসিটির মুখোমুখি হবে ম্যানইউ। কিন্তু এরিক টেন হ্যাগ তার শিষ্যদের বলে দিয়েছেন, তারা যেন কেবল মৌসুমের দ্বিতীয় ট্রফি জেতার দিকেই মনোযোগ দেন। ২০১৬ সালের পর প্রথম এফএ কাপ জয়ের সুযোগ তাদের।

ফেব্রুয়ারিতে লিগ কাপ জেতা টেন হ্যাগ বলেছেন, ‘আমরা একটি কাপ জিততে চাই। তাদের থামানোর জন্য নয়, আমরা কাপ জেতার জন্য খেলতে চাই। আমাদের দারুণ একটি সুযোগ আছে।’

চ্যাম্পিয়ন সিটির চেয়ে ১৪ পয়েন্ট পেছনে থেকে লিগ মৌসুম শেষ করেছে ম্যানইউ। কিন্তু ডাচ কোচের অধীনে তারা দারুণ উন্নতির সংকেত দিয়েছে। টেন হ্যাগের অধীনে প্রথম মৌসুম শেষ করেছে তৃতীয় স্থানে থেকে, খেলবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে।

বায়ার্ন মিউনিখে টেন হ্যাগের সঙ্গে অল্প সময় কাজ করা গার্দিওলা ইউনাইটেড কোচে মুগ্ধ। ম্যানসিটির কোচ বললেন,. ‘আমি সবসময় কোচকে মূল্যায়ন করি কীভাবে দল উন্নতি করে তার ওপর। দলটির দিকে তাকান, যখন সে এসেছিল এবং এখন কোথায়? আমি মনে করি অনেক বছর পর ব্যতিক্রমী কোচ পেয়েছে ম্যানইউ।’

ম্যানচেস্টার ডার্বিতে আত্মবিশ্বাস নিয়ে খেলবে ইউনাইটেড। জানুয়ারিতে প্রিমিয়ার লিগে সবশেষ দেখায় তারা ২-১ গোলে হারিয়েছিল সিটিকে। তবে ইনজুরির কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না তারা। ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্সিয়াল হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে। অ্যান্টনিও শঙ্কায়। গত ২৫ মে চেলসির বিপক্ষে ৪-১ গোলের জয়ে ব্রাজিলিয়ান উইঙ্গার স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। 

এদিকে সিটির গোলপোস্টে ব্রাজিলিয়ান কিপার এডারসনের বদলে দাঁড়াবেন ওর্তেগা। জ্যাক গ্রিলিশ ও কেভিন ডি ব্রুইনাকে নিয়েও ভালো খবর মিলেছে। গ্রিলিশ ১৭ মের পর থেকে মাঠের বাইরে, ডি ব্রুইনা গত রবিবার ব্রেন্টফোর্ড ম্যাচে ছিলেন না। দুজনকেই ট্রেনিংয়ে দেখা গেছে।

শক্তিমত্তার বিচারে দুই দলের পার্থক্যে কিছুটা হেরফের থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই যে হবে, তা না বললেও চলে। ভক্ত-সমর্থকরাও উত্তেজনার তুঙ্গে। এখন দেখার অপেক্ষা, ম্যানসিটির ট্রেবল জয়ের স্বপ্নে বাধা হতে পারে কি না ম্যানইউ!