মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তাদের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ড্র করে ফাইনালে খেলতে পারেনি। সেই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন বিশ্বনাথ ঘোষ। এনিয়ে কম অনুতপ্ত হননি এ ডিফেন্ডার। ভারতের বেঙ্গালুরুতে আরও একটি সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আজ শুরু হওয়া অনুশীলনে লাল কার্ড প্রসঙ্গ নিয়ে কথা বলতে হলো বসুন্ধরা কিংসের ফুটবলারকে।
শুরুতে বিশ্বনাথ কোচের কথাই সংবাদমাধ্যমকে শোনালেন, ‘কোচ বলেছেন, কোনও ম্যাচ ছোট করে দেখার কিছু নেই। প্রতিটা ম্যাচ ফাইনাল, লেবানন কিংবা ভুটান যেই আসুক না কেন। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। লেবাননের বিপক্ষে এক পয়েন্ট পেলে তখন ভালো হবে। মালদ্বীপ ও ভুটান আমাদের সমান পর্যায়ের। চিন্তিত হচ্ছি না। প্রতিটি খেলোয়াড় যদি মাঠে নিজেদের শতভাগ দেয়, তাহলে ম্যাচ দুটি সহজ হবে।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অনুশীলনে এসে ফুটবলারদের নানাভাবে অনুপ্রেরণা দিয়েছেন। বিশ্বনাথ এটাকে ইতিবাচক ধরে বলেছেন, ‘সভাপতি যখনই আসেন, তখনই উজ্জীবিত করেন। ওদের (প্রতিপক্ষ) দুটি হাত ও পা। আমাদেরও তো তাই। মাঠে কোচ বা অফিসিয়ালদের খেলতে হবে না। আমাদের খেলতে হবে। সবকিছুই সম্ভব। অসম্ভব কিছু না।’
শেষে এসে বিশ্বনাথ লাল কার্ড নিয়ে প্রশ্নের উত্তরও দিলেন, ‘আমি একজন ডিফেন্ডার। সবসময় চেষ্টা থাকে প্রতিপক্ষের খেলোয়াড়দের আটকানোর। অনেক সময় মাথা গরম হয়ে যায়। পরিবেশ পরিস্থিতিতে অনেক সময় এমনটা হয়ে যায়। মাঠে কেউ ইচ্ছে করে ফাউল করে না। লাল কার্ড দেখতে চায় না। সভাপতিও বলেছে মাঠে আমার উত্তেজনা কমাতে হবে।’
এনিয়ে ক্লাবেও কাজ করেছেন বিশ্বনাথ বললেন, ‘ক্লাবে যখন ছিলাম কাজ করেছি। নিজেকে নিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বিশেষ করে পরিবার থেকে চাপ বেশি আসে। মানুষ আজেবাজে কথা বলে। নিজের কাছে খারাপ লাগে। পরিবারের কাছ থেকে কথা শুনতে হয়। সবকিছু মিলিয়ে খারাপ লাগে। চেষ্টা করবো সাফে নিজেকে উজার করে খেলতে, বাংলাদেশ দলকে ভালো কিছু উপহার দিতে।’