ম্যানচেস্টার সিটি যেভাবে উড়ছে, চ্যাম্পিয়নস লিগের ট্রফি হাতে নেওয়া যেন কেবলই সময়ের ব্যাপার, আগামী ১০ জুন ইস্তানবুলের ফাইনাল শুধুই আনুষ্ঠানিকতা! প্রতিপক্ষ ইন্টার মিলানের কাছে সমীহ আদায় করছে তারা, কিন্তু তাদের মাথায় উঠিয়ে রাখছে না ইতালিয়ান জায়ান্টরা। ফর্মের তুঙ্গে থাকা ম্যানসিটিকে নিয়ে মোটেও আতঙ্কিত নয় ইন্টার।
ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবকে রুখে দিতে মূলমন্ত্র হতে পারে আর্লিং হাল্যান্ডকে ঠেকানো। এই মৌসুমে ইউরোপে ১২ গোল করে শীর্ষ গোলদাতার আসনে তিনি। তাকে নিয়ে স্বাভাবিকভাবে ইন্টারের রক্ষণভাগের ভীত হওয়ার কথা। যদিও এমন কিছু কাজ করছে না তাদের তিন সেন্ট্রাল ডিফেন্ডারের একজন আলেসান্দ্রো বাস্তোনির মনে।
ম্যানসিটির নরওয়েজিয়ান স্ট্রাইকারকে ঠেকানোর গুরুদায়িত্ব পালন করতে যাওয়া এই ডিফেন্ডার বললেন, ‘আপনি খুনিকে নিয়ে ভয় পাবেন, ফুটবল খেলোয়াড়দের নয়। ভয় নিয়ে কথা বলা হবে ভুল। এটা হাল্যান্ড বনাম ইন্টার নয়, ম্যানসিটি বনাম ইন্টার। কোনও ভয় নেই, উত্তেজনা থাকলেও সেটা সঠিক মাত্রায় আছে। সবকিছু ছাপিয়ে সবার মনে সুখ... মাঠে নামতে আমার তর সইছে না।’
তিন বছরে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলতে যাওয়া সিটিকে নিয়ে আতঙ্কিত নয় কোচ সিমিওনে ইনজাগিও। ১৩ বছর আগে সবশেষ শিরোপা জেতার পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলতে নামছে ইন্টার। প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতে ট্রেবল জয়ের মিশনে থাকা ম্যানসিটির মুখোমুখি হওয়ার আগে ইনজাগি বললেন, ‘আমরা একটি ফুটবল ম্যাচ নিয়ে কথা বলছি, কোনও ভয় নেই। (প্রতিপক্ষের প্রতি) অনেক শ্রদ্ধা আছে কিন্তু আমরা এই ফাইনাল খেলতে যাচ্ছি গর্বিত হয়ে, কারণ আমাদের প্রতিটি সত্তা এটা চেয়েছিল।’