গত ডিসেম্বরে ডাগআউটে দাঁড়িয়ে লিওনেল মেসির জাদু দেখেছিলেন। গ্রাহাম আর্নল্ড সেই দিনটার কথা এখনও ভোলেননি। এরই মধ্যে আবার সুযোগ এসেছে ‘ফুটবল জাদুকরের’ মুখোমুখি হওয়ার। আগামী সপ্তাহে বেইজিংয়ে আবার লড়তে যাচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপের শেষ ষোলোতে হারের প্রতিশোধ এবার নিতে চান সকারু কোচ আর্নল্ড।
কাতারের আল রায়ানে নকআউট পর্বে ২-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা। বক্সের মধ্যে সতীর্থের ছোট পাস ধরে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাঁক গলে গোল করেন মেসি। জুলিয়ান আলভারেজ ব্যবধান দ্বিগুণ করলেও শেষ দিকে এঞ্জো ফার্নান্দেজের আত্মঘাতী গোল অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরায়। অবশ্য স্নায়ুচাপ ধরে রেখে ঠিকই কোয়ার্টার ফাইনালে ওঠে আলবিসেলেস্তেরা। পরে তো তারা চ্যাম্পিয়নও হলো।
ছয় মাস পর বেইজিংয়ে আগামী ১৫ জুন প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। এই ম্যাচকে গুরুত্ব দিয়ে দেখছেন আর্নল্ড। রোমাঞ্চিত অস্ট্রেলিয়া কোচ বললেন, ‘এত তাড়াতাড়ি বিশ্ব চ্যাম্পিয়নদের খেলতে পারবো এবং প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবো, ভাবতেই এখন আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে।’
সেলটিকের অ্যারন মুইয়ের মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়রা ইনজুরিতে খেলবেন না এই ম্যাচ। তরুণ একটি দল নিয়ে আর্জেন্টিনা চ্যালেঞ্জ মোকাবিলা করবে অস্ট্রেলিয়া। এই দলের ওপরও বিশ্বাস আছে আর্নল্ডের, ‘কন্ডিশন থাকবে আর্দ্র ও উষ্ণ, কিন্তু সারা দিন দৌড়ানোর ও লড়াই করার মতো শক্তি তরুণ খেলোয়াড়দের আছে। মাঠে নেমে যা আছে তার সবটা দেওয়ার দারুণ সুযোগ আমাদের সবার সামনে। আমি অপেক্ষা করতে পারছি না।’
কাতারে অস্ট্রেলিয়াকে নকআউটে নিয়ে প্রত্যাশা ছাপিয়ে গেছেন আর্নল্ড। এবার ২০২৬ বিশ্বকাপে জায়গা পাওয়ার দিকে চোখ তার। এর আগে আর্জেন্টিনার বিপক্ষে খেলা হবে নিজেদের সামর্থ্যের পরীক্ষা, ‘বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলে তাদের পরীক্ষা দেওয়ার চেয়ে আর ভালো কোনও উপায় আছে বলে আমি অনুভব করি না।’