ভারতের বেঙ্গালুরুতে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এর আগে ভারতের ভিসা প্রাপ্তির জন্য আবেদন করা হয়েছিল। দুই ডিফেন্ডার ছাড়া বাকি সবারই ভিসা মিলেছে। এছাড়া দুঃসংবাদ আরেক ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা চোটের কারণে ক্যাম্প থেকে ছিটকে গেছেন।
জাতীয় দলের স্কোয়াডে ৩০ জনকে ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। আগে থেকেই ইনজুরিতে ভোগা ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। আজ রাতে দুই ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও ইসা ফয়সালের ভারতের ভিসা মেলেনি। রবিবার পাওয়ার কথা রয়েছে।
এই প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিশ্বনাথ ও ইসা ফয়সালের ভিসা রবিবার দেওয়ার কথা বলা হয়েছে। বাদশা চোট সমস্যায় দলে থাকতে পারছেন না। এখন এই তিন জনকে ছাড়াই শনিবার কম্বোডিয়া যেতে হবে। রবিবার ওই দুই জনের ভিসা মিললে পরবর্তীতে ওরা দলের সঙ্গে যোগ দেবে। কেননা ভারতীয় দূতাবাস থেকে পাসপোর্ট হাতে না পেলে ওরা শনিবার কম্বোডিয়া যেতে পারবে না।’
এদিকে ডিফেন্ডার তপু বর্মণ ও ফরোয়ার্ড রাকিব হোসেনের এমআরই করানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এসেছে। এখন পর্যন্ত তাদের খেলার সম্ভাবনা বেশি।