বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস লিগ দিয়ে ডাবলের আশায় মার্তিনেজ

লাউতারো মার্তিনেজের বৃহস্পতি এখন তুঙ্গে। ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের ৬ মাসের মাথায় ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তুলতেও তারই অবদান। বিশ্বকাপ গৌরবের পর চ্যাম্পিয়নস লিগ জিতলে বিরল এক ডাবলের স্বাদ পাবেন তিনি। এক মৌসুমে বিশ্বকাপ জয়ের পর যোগ হবে ইউরোপ সেরার আনন্দও।

সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মার্তিনেজ আগুনে ফর্ম নিয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলতে নামবেন। সিরি আ’য় ইন্টারকে সেরা চারে নিতে ১৩ ম্যাচে করেছেন ১১ গোল। জিতেছেন ইতালিয়ান কাপ। এবার তো ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টের ফাইনালেও খেলতে যাচ্ছেন।

ইস্তাম্বুলে আজ এডিন জেকো অথবা রোমেলু লুকাকুর সঙ্গে আক্রমণে থাকবেন মার্তিনেজ। দলের কাছে ‘দ্য বুল’ বলে পরিচিত এই আর্জেন্টাইন নিজেও মৌসুমটা উৎসবের মধ্য দিয়েই শেষ করতে চাইছেন। সব প্রতিযোগিতা মিলে ২৮ গোল করা এই তারকা এখন নামের পাশে চাইছেন তৃতীয় ট্রফি, ‘আমার মনে হয় বিশ্বকাপ আর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল- ক্যারিয়ারে এই দুটি ফাইনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ। মূল পার্থক্য হলো জার্সির পরিবর্তন। তাতে উত্তেজনা একই রকম থাকে, ইচ্ছেটাও থাকে একইরকম। পুরো বছর পরিশ্রমের ফসল বলা চলে। ফাইনালে পৌঁছানোয় এখন আমাদের ভক্ত আর ক্লাবের জন্য প্রস্তুত থাকতে হবে।’

২৫ বছর বয়সী এই আর্জেন্টাইনের আশা ডাবলের আনন্দ নিয়েই মৌসুমটা শেষটা করতে পারবেন তিনি, ‘মৌসুমটা ইতিবাচক ছিল আমার জন্য...। ছয় মাস আগে বিশ্বকাপের ফাইনাল খেলেছি। এখন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি। যেভাবে মৌসুমটা কাটিয়েছে তাতে ভীষণ আনন্দিত। যেভাবে পারফর্ম করেছি, আশা করছি সম্ভাব্য সেরা উপায়ে শেষটা করতে পারবো।’